তাজিক-কিরগিজদের জন্য 'কৌশল'
শীতপ্রধান দেশ তাজিকিস্তান ও কিরগিজস্তানকে গরমেই ধরাশায়ী করার কৌশল নিয়েছে বাফুফে!
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম দুটি হোম ম্যাচের প্রতিপক্ষকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে হবে জুনের প্রচণ্ড গরমের দুপুরে। ১১ জুন তাজিকিস্তান ও ১৬ জুন কিরগিজস্তানের সঙ্গে দুটি ম্যাচই শুরু হবে বেলা ৩টায়।
আট ম্যাচের মধ্যে চারটি হোম ম্যাচেরই সময় নির্ধারণ করে এএফসিকে জানিয়ে দিয়েছে বাফুফে। ৮ সেপ্টেম্বর জর্ডান ও ১৭ নভেম্বর অস্ট্রেলিয়া ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ও বিকেল সাড়ে ৫টায়।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ কাল জানালেন, ‘আমাদের সব প্রস্তুতি এখন তাজিকিস্তান ও কিরগিজস্তানের সঙ্গে হোম ম্যাচ ঘিরে। দুটি ম্যাচই আমরা ভালো করতে চাই। তাই গরমের মধ্যে ওই দুটি ম্যাচ রেখে সুবিধা নেওয়ার কৌশল আছে আমাদের।’
ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় সব দেশই। সেটি করতে বাংলাদেশের জন্য তাজিকিস্তান ও কিরগিজস্তানই আসল প্রতিপক্ষ। ওই দেশ দুটিতে গিয়ে তীব্র ঠান্ডার শিকার হয় বাংলাদেশ। খাওয়া-দাওয়ার সমস্যাও হয়। মাঠেও প্রভাব ফেলে এসব। নিজেদের মাঠে এবার সুবিধা নিতে প্রত্যাশিতভাবেই তৎপর বাফুফে।
কোচ লোডভিক ডি ক্রুইফের আগামী সপ্তাহে ঢাকায় আসার কথা। ইউরোপে প্রবাসী বাংলাদেশি খুঁজে বেড়াচ্ছেন কোচ। কথা বলেছেন এর আগে বাংলাদেশ দলে খেলতে এসে ফিরে যাওয়া জার্মানিপ্রবাসী রিয়াসত খাতনের সঙ্গে। রিয়াসাত ফিলিপাইন লিগে খেলেন। দলকে শক্তিশালী করতে জামাল ভূঁইয়ার মতো ইউরোপভিত্তিক খেলোয়াড় চান কোচ।
অনুশীলন ম্যাচ নিয়েও কথা হচ্ছে। ১৪ এপ্রিল ড্রয়ের পরদিনই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, উত্তর কোরিয়া ও সিরিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। এই দুটি দলের একটির সঙ্গে প্রস্তুতি ম্যাচ হতে পারে। কাল সাধারণ সম্পাদক জানালেন আফগানিস্তান ও মিয়ানমারের সঙ্গেও যোগাযোগ হয়েছে।
এরই মধ্যে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বাফুফের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছে ঢাকায় কোথায় খেলবে, কোথায় থাকবে... ইত্যাদি। কিরগিজস্তান, তাজিকিস্তান ও অস্ট্রেলিয়া টিভি সম্প্রচার নিয়েও বাফুফের সঙ্গে কথা বলেছে। তাজিক-কিরগিজদের প্রস্তাব অনুযায়ী হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচের সম্প্রচারই দুই পক্ষ বিনিময় করতে পারে।