তাজিকদের উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি তাজিক মেয়েরা। ছবি: বাফুফের সৌজন্যে।
বাংলাদেশের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি তাজিক মেয়েরা। ছবি: বাফুফের সৌজন্যে।

এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতার ফাইনালে যেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলকে চোখ রাঙাচ্ছিল তাজিকিস্তান। ঘরের মাঠ, নিজেদের দর্শক সমর্থন—সবই ছিল তাদের পক্ষে। কিন্তু বাংলাদেশের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক দল। তাজিক মেয়েদের ৯-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠল বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধেই খেলাটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ৫-০ গোলে। দ্বিতীয়ার্ধে আরও ৪টি গোল করে নিজেদের শক্তিমত্তার প্রমাণটা দিয়েছে মেয়েরা। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছে দুজন—মনিকা ও তহুরা। ২টি গোল করেছে আনুচিং, একটি আঁখি খাতুন।
খেলার ৬ মিনিটেই তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৯ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আনুচিংয়ের পা থেকে। ১২ মিনিটে তহুরা ও ১৬ মিনিটে মনিকার গোলে ৪-০ করে ফেলে বাংলাদেশের কিশোরীরা।
৪৪ ও ৫৫ মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করে মনিকা। ৬১ মিনিটে আঁখির গোলের পর তহুরাও হ্যাটট্রিক করে ফেলে ৭১ মিনিটে।
তাজিকিস্তানের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেছে আবদুল্লাহ নিলোফার। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভারতকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।