তাজিকদের কাছে আবারও বড় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুশানবে যাওয়ার আগে বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ বলেছিলেন, তাঁর দল দারুণভাবে উজ্জীবিত হয়ে ভালো কিছু করার আশায় মুখিয়ে আছে। মুখে না বললেও বুঝিয়েছিলেন তাজিকিস্তানের সঙ্গে ড্র করতে পারাই হবে ভালো ফল। সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু তাজিকিস্তানের সঙ্গে ড্র করার লক্ষ্যটাও যে কল্পনাবিলাস, ম্যাচের প্রথমার্ধেই তা বোঝা যাচ্ছিল পরিষ্কার। এ অর্ধেই বাংলাদেশের জালে তিনবার বল পাঠিয়ে তাজিকরা জানিয়ে দিয়েছিল, এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম এই প্লে-অফ ম্যাচে বড় ব্যবধানেই জিততে চলেছে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত তাজিকদের জয়ের ব্যবধানটা হয়েছে ৫-০।

দুশানবেতে আজ রাতে ১৯, ৩০ ও ৩৫ মিনিটে তিন গোল করে তাজিকিস্তান ম্যাচ জয় নিশ্চিত করে ফেলেছিল। প্রথম দুটি গোল করে বাংলাদেশকে এমন বড় হারের পথ ঠেলে দিলেন জাহঙ্গির এরগাশেভ। তৃতীয় গোলটি করে লাল সবুজের দলের সব প্রতিরোধ ভেঙে ফেলেন পারভিসচন উমারবেভ। গোলের ধারা অব্যাহত থাকল দ্বিতীয়ার্ধেও। ৫২ মিনিটে হয়ে গেল ৪-০। এই গোলেই হ্যাটট্রিক পূর্ণ করলেন বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্তের ২২ বছর বয়সী স্ট্রাইকার এরগাশেভের। ৭৫ মিনিটে উমেদজন শারিপভ করলেন ৫-০।
গত নভেম্বরে এই তাজিকিস্তানের কাছে তাদেরই মাঠে ৫-০ গোলে হারের দুঃস্মৃতিটা এবার ভুলতে চেয়েও পারল না বাংলাদেশ। বরং তা আবার ফিরে এল। আগের বার বৃষ্টির মধ্যে খেলতে সমস্যা হয়েছিল বাংলাদেশের। কিন্তু আজ তো বৃষ্টি ছিল না। তবু উড়ে গেল ডি ক্রুইফের দল! এতে বোঝাই যাচ্ছে, বাংলাদেশ জাতীয় দলের সামর্থ্য আসলে বাড়েনি বরং আরও কমেছে।