তাজিকিস্তান, ভারতকে দেখে শিখুক বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তরুণদের ধরে রাখতে পারবে বাংলাদেশ? সৌজন্য ছবি
এই তরুণদের ধরে রাখতে পারবে বাংলাদেশ? সৌজন্য ছবি

২০১৬-১৭ মৌসুমের শুরুতেই তাজিকিস্তান ফুটবল ফেডারেশনের উন্মুক্ত ঘোষণা, যারা জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে দল গঠন করবে, তাদের ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া হবে বিশেষ সুযোগ-সুবিধা। সুযোগটি লুফে নেয় প্রিমিয়ার লিগের ক্লাব বারকি তাজিক দুশানবে। ফলে খেলোয়াড় থেকে শুরু করে কোচ মুবিন আরগাশেভকেও তারা পেয়েছে ফেডারেশন থেকে।

যুব দলটি তাজিক প্রিমিয়ার লিগে আহামরি কোনো ফলাফল না করতে পারলেও তাজিকিস্তান ফুটবল ফেডারেশনের লক্ষ পূরণ হয়েছে ষোলো আনা। বারকি দুশানবের মোড়কে থাকা যুব দলটিই এএফসি অনূর্ধ্ব–১৯ বাছাইপর্বের গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়েছে। আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলবে তারা।

ফেডারেশনের উদ্দেশ্য ছিল এএফসি অনূর্ধ্ব–১৯ বাছাইপর্বের আগে দলটাকে কোনো ক্লাবের মোড়কে খেলিয়ে ভালোভাবে তৈরি করে নেওয়া । যাতে নিজেদের দর্শকসুবিধা কাজে লাগিয়ে লড়াই করে জায়গা করে নিতে পারে চুড়ান্ত পর্বে। যেমন পরিকল্পনা, তেমন সাফল্য। কোনো ম্যাচ না হেরেই শক্তিশালী উজবেকিস্তানকে পেছনে ফেলে গ্রুপ চাম্পিয়ন।

ঘরের মাঠে বাছাইপর্বে খেলার অনেক আগ থেকেই দারুণ পরিকল্পনার প্যাকেজ হাতে নিয়েছে তাজিকিস্তান ফুটবল ফেডারেশন। বলা যায়, বারকি তাজিক দুশানবে ক্লাবটিকে ফেডারেশনের আওতায় নিয়ে নেয় তারা। লিগের অন্যান্য দলে বিদেশি খেলোয়াড় থাকলেও বারকিতে নেওয়া হয়নি কোনো বিদেশি। বরং অন্যান্য ক্লাবের রিজার্ভ বেঞ্চে বসে থাকা তরুণ ফুটবলারদের মধ্যবর্তী দলবদলে নিজেদের তাঁবুতে ভিড়িয়েছে তারা। এ দলের খেলা দেখেও বোঝা গিয়েছে, দলটির মধ্যে দারুণ ভারসাম্য ও বোঝাপড়া। পুরো একটি মৌসুম একসঙ্গে থাকলে যা হয় আরকি!

ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপ ভিশন ঘোষণা করেছে তাজিকিস্তান। এই লক্ষ্যে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের নিয়ে অ্যাকাডেমি চালু করেছে । যার সাফল্য এএফসি অনূর্ধ্ব–১৬ ও ১৯ চুড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া।

তবে এ ক্ষেত্রে এগিয়ে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ভিশন অনুযায়ী বিশ্বকাপ তো বাংলাদেশে খেলার স্বপ্ন দেখছে ২০২২ সালেই! আর পাঁচ বছর পর কাতারে বিশ্বকাপ খেলার প্রত্যাশা করা দেশের জাতীয় দল এক বছরেরও বেশি সময় আছে আন্তর্জাতিক ম্যাচের বাইরে। অনূর্ধ্ব-১৯ দলের খেলার জন্যও বন্ধ রাখতে হয় দেশের একমাত্র পেশাদার লিগ। বিশ্বকাপের স্বপ্ন দেখা বাংলাদেশের ফুটবলের বাস্তবের ছবি হলো এটাই।

শুধু তাজিকিস্তান নয়, বাংলাদেশ শিক্ষা নিতে পারে প্রতিবেশী ভারত থেকেও। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা দলটির সঙ্গে অনুর্ধ্ব-১৯ দলের মিশ্রণ করে ‘আই’ লিগে দল নামাতে যাচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ঠিক একই পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে মালদ্বীপও। মালে লিগে তাদের অনূর্ধ্ব-১৯ দলের নাম নিবন্ধন সময়ের ব্যাপার মাত্র।

সবাই যখন পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে, ক্লাবগুলোর দোষ দিয়েই নিশ্চিন্তে বসে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোনো সন্দেহ নেই দেশের ফুটবলের এই ভরাডুবিতে ক্লাবগুলোর দায় কম নয়, কিন্তু ফুটবল উন্নয়নে বাফুফেরই–বা কার্যত ভূমিকা কী? দেখা যায়, বয়সভিত্তিক আসরের আগে ২৩ সদস্য দল গঠন হয়েছে ১২ ক্লাবের খেলোয়াড় নিয়ে! এটা ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে কার্যকর, সেখানে ফুটবলাররা ক্লাব ফুটবলে জড়িয়ে যান সাত–আট বছরেই। বয়সভিত্তিক দলে জায়গা করার আগেই প্রস্তুতি সারা হয়ে যায় তাদের। কিন্তু বাংলাদেশে তো এটা অসম্ভব!

এ ছাড়াও যেকোনো টুর্নামেন্টের আগে পুঁজি বলতে স্বল্প প্রস্তুতি। এবার অনূর্ধ্ব-১৯ দল ভালো করার পেছনে সাইফ স্পোর্টিং ও আরামবাগ ক্লাবের অবদান অনস্বীকার্য। কেননা, দলের অর্ধেক খেলোয়াড়ই ছিল এই দল দুটির। ক্লাবের অধীনে ভালো অনুশীলনে ছিল বলেই মাহবুবব হোসেন রক্সির কাজটা সহজ হয়ে গিয়েছে।

কিন্তু সবাই যেভাবে এগিয়ে যাচ্ছে, এভাবে আর বেশি দিন চালিয়ে নেওয়া যাবে না। তাজিকিস্তান, ভারত, মালদ্বীপের মতো প্রায় কাছাকাছি মানের দেশগুলো দেখেও যদি চোখ খোলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।