তাজিকিস্তানে আবারও ৫ গোলে হার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজিকিস্তানের সঙ্গে ড্র করার লক্ষ্যটাও যে কল্পনাবিলাস, তা ম্যাচের প্রথমার্ধেই বোঝা যাচ্ছিল। প্রথম ৪৫ মিনিটেই বাংলাদেশের জালে তিনবার বল পাঠিয়ে তাজিকরা জানিয়ে দিয়েছিল, এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম এই প্লে-অফ ম্যাচে বড় ব্যবধানেই জিততে চলেছে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত সেটিই হয়েছে (৫-০)।
গত রাতে দুশানবেতে ১৯, ৩০ ও ৩৫ মিনিটে ৩ গোল করে ম্যাচ পকেটে পুরে ফেলে তাজিকিস্তান। প্রথম দুটি গোল করে বাংলাদেশকে হারের পথ দেখালেন জাহঙ্গির এরগাশেভ। তৃতীয় গোলটি করে বাংলাদেশের সব প্রতিরোধ ভেঙে ফেলেন পারভিসচন উমারবেভ। গোলের ধারা অব্যাহত থাকল দ্বিতীয়ার্ধেও। ৫২ মিনিটে ৪-০। এই গোলেই হ্যাটট্রিক পূর্ণ হয় বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্তের ২২ বছর বয়সী স্ট্রাইকার এরগাশেভের। ৭৫ মিনিটে উমেদজন শারিপভের কল্যাণে ৫-০।
গত নভেম্বরে এই তাজিকিস্তানের কাছে তাদেরই মাঠে ৫-০ গোলে হারের দুঃস্মৃতিটা কাল আবার ফিরে এল। আগেরবার বৃষ্টির মধ্যে মাঠে খেলতে না হয় সমস্যা হয়েছে, এবার তো বৃষ্টি ছিল না। তবু উড়ে গেল ডি ক্রুইফের দল!