তাদের ভয় ছিল শুধু রুবেলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের কাছে বাংলাদেশ অলিম্পিক দলের হারটা যেন অনুমিতই ছিল। সান্ত্বনা হতে পারে, ব্যবধানটা বিশাল হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশা লুকাতে পারলেন না কোচ গঞ্জালো মোরেনো, ‘ছেলেদের খেলায় আমি মোটেও খুশি নই। ডিফেন্ডারদের ভুলেই দুটি গোল হয়েছে। তবে এটাও মানতে হবে যে মালদ্বীপ আমাদের তুলনায় অনেক শক্তিশালী দল।’
দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট বাংলাদেশ অলিম্পিক দলের। সেমিফাইনালে ওঠার আশাটা যেন হারিয়ে ফেলেছেন কোচ, ‘সেমিফাইনালে ওঠাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেল। আমাদের এখন কম্বোডিয়ার সঙ্গে শেষ ম্যাচটা জিততেই হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’
উল্টো দিকে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত মালদ্বীপের। কোচ রিকি লয়েড হার্বার্ট উচ্ছ্বসিত, ‘সবার আগে সেমিফাইনালে উঠতে পেরে ভালো লাগছে। ছেলেরা আজ অসাধারণ খেলেছে। এই দলটা আসলে অভিজ্ঞতা অর্জনের জন্য টুর্নামেন্টে এসেছে। ফাইনালে খেলব, আগেই তা বলতে চাই না। তবে আরও দুটি ম্যাচ বেশি খেলব এতেই আনন্দ হচ্ছে।’
বাংলাদেশ দলের মিডফিল্ডার রুবেলের প্রশংসায় পঞ্চমুখ মালদ্বীপের কিউই কোচ, ‘বাংলাদেশের ৭ নম্বর খেলোয়াড় (রুবেল) আজ দারুণ খেলেছে। ও খুব ভালো ফুটবলার। ও যখনই বল নিয়ে বক্সে ঢুকেছে আমি আতঙ্কিত হয়ে পড়েছি। আমার সব সময় মনে হয়েছে এই দলের একজন খেলোয়াড়ই সমস্যায় ফেলতে পারে আমাদের।’