তানভীরকে বাঁচাতে এগিয়ে আসুন

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন জাতীয় দলের সাবেক ফুটবলার তানভীর আহমেদ। চিকিৎসাধীন রাজধানীর স্কয়ার হাসপাতালে। তাঁকে বাঁচিয়ে তুলতে কমপক্ষে ৫০ লাখ টাকা প্রয়োজন। এখনো হাসপাতালে তাঁর চিকিৎসা ব্যয়ের বকেয়া ১০ লাখ টাকা। এ অবস্থায় তাঁর সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে সাবেক ফুটবলাররা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। তানভীরকে সাহায্য করতে এরই মধ্যে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। নম্বর: শাহ দিল-ই-আফরোজ, ২৪৩৮১০১০৯২৭৫৭, পূবালী ব্যাংক লিমিটেড, নয়াপল্টন শাখা, ঢাকা।
জাতীয় দলের সাবেক ফুটবলার ইকবাল হোসেন পরশু সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। কাল বাংলাদেশ ব্রিজ ফেডারেশন দিয়েছে ২৬ হাজার টাকা। জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন, ‘ওর চিকিৎসার খরচ জোগাতে আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করছি। বিসিবি চাইলে তানভীরকে সাহায্য করতে পারে। দেশের ধনাঢ্য ব্যবসায়ীরাও যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো তানভীরকে আমরা হারাব না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আলফাজ আহমেদ, জাকির হোসেন, মতিউর মুন্না, গোলাম গাউস, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, কোচ শফিকুল ইসলাম মানিকসহ অনেকে।