পরপর দুটি ধাক্কা। বুন্দেসলিগায় বছরে নিজেদের প্রথম ম্যাচটাতেই বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে হেরেছিল ভলফ্সবুর্গের কাছে। সেই হতাশার মধ্যেই আবারও পয়েন্ট হারাল পেপ গার্দিওলার দল। এবার নিজের মাঠে শালকের সঙ্গে ১-১ গোলে ড্র। দোর্দণ্ড প্রতাপে মৌসুম শুরু করা জার্মান চ্যাম্পিয়নরা কি তাহলে নতুন বছরে এসে খেই হারাল?
পরশু রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুতেই ধাক্কা খায় বায়ার্ন। ১৭ মিনিটেই ডিফেন্ডার জেরোম বোয়াটেং ডি-বক্সের মধ্যে শালকের মিডফিল্ডার সিডনি স্যামকে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শালকের পাওয়া পেনাল্টিটা রুখে দিয়ে ওই যাত্রায় বায়ার্নকে বাঁচিয়ে দেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। অবশ্য ১০ জনের হয়েও ৬৭ মিনিটে আরিয়েন রোবেনের গোলে এগিয়ে যায় বায়ার্নই। কিন্তু মিনিট পাঁচেক পরেই শালকের হয়ে সমতা ফেরান বেনেডিক্ট হুভেডেস। তবে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারালেও দলের পারফরম্যান্স নিয়ে বিন্দুমাত্র অসন্তুষ্টি নেই বায়ার্ন কোচ গার্দিওলার, ‘আমি শুধু সন্তুষ্ট নই, আমি খুবই, খুবই সন্তুষ্ট। হ্যাঁ, ৩ পয়েন্ট চেয়েছিলাম, সেটা পাইনি। কিন্তু প্রায় ৭০ মিনিট শালকের সঙ্গে একজন কম নিয়ে খেলা সোজা কথা নয়। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং সুযোগও আমরাই বেশি পেয়েছি। ভলফ্সবুর্গের সঙ্গে ম্যাচের চেয়েও এই ম্যাচে অনেক ভালো খেলেছি।’
একই রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় লেগে কেমব্রিজ ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে দুর্বল এ দলটির সঙ্গেই গোলশূন্য ড্র করেছিল ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে পরশু রাতে ইউনাইটেডের হয়ে গোল করেছেন হুয়ান মাতা, মার্কোস রোহো ও জেমস উইলসন। পঞ্চম রাউন্ডে তৃতীয় সারির দল প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউনাইটেড কোচ লুই ফন গাল কিন্তু এখনই স্বপ্ন দেখছেন এফএ কাপের শিরোপা জয়েরও, ‘আমাদের খুব ভালো সুযোগ আছে। অনেকেই আমাদের ওপর বাজি ধরছে। আমি সেটা করব না, কারণ আমি তো ঠিক জুয়া খেলার লোক নই। তবে এ বছর আমরা একটা শিরোপা জিততে চাই এবং এফএ কাপেই সেটার সবচেয়ে বড় সুযোগ।’ রয়টার্স, গোলডটকম।