তার পরও রোনালদোর কাছে গ্রিজমানের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত সত্যি গ্রিজমানের এই ছবিটাই l এএফপি
শেষ পর্যন্ত সত্যি গ্রিজমানের এই ছবিটাই l এএফপি

উজ্জ্বল আলোতেই তাঁকে খুঁজে নেওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শেষে অদ্ভুত এক বিষণ্ন আঁধারে যেন লুকাতে চাইলেন আঁতোয়ান গ্রিজমান। সাতের কাছে সাতের হার। এবার মাঠটা একরকম ছেড়েই দিয়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার পরও পারলেন না গ্রিজমান। পুরো টুর্নামেন্টে আলো ছড়িয়ে আসল রাতে আর আলো ছড়ানো হলো না।

মাঠ বদলাল। তারিখ বদলাল। কিন্তু ভাগ্য বদলাল না। মাত্র ছয় সপ্তাহের ব্যবধানে বড় দুটি টুর্নামেন্টের ফাইনালে হেরে গেলেন রোনালদোর কাছে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর এবার ইউরোর ফাইনালে! ব্যক্তিগত লড়াইটায় ২-০ ব্যবধানে অ্যাটলেটিকোর ‘সাত’কে হারিয়ে দিল ‘রিয়ালে’র সাত! গ্রিজমানের কণ্ঠে তাই হতাশার অনুরণন, ‘এটা হতাশার। ভীষণ হতাশার। কিন্তু এটাই ফুটবল। এক মাসের মধ্যে আমার জন্য এটি দ্বিতীয় ফাইনাল হার। এটাই ভীষণ পোড়াচ্ছে।’

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। এবার আসরে ৬ গোল করেও ফাইনালে হেরে গেলেন। পরিষ্কার একটা সুযোগও হাতছাড়া করেছেন। দায় তো তাঁরও। গ্রিজমান নিজেও খুঁজছেন উত্তর, ‘জার্মানি ম্যাচে যেমন নিখুঁত ছিলাম, এ ম্যাচে সুযোগগুলো সেভাবে কাজে লাগাতে পারিনি। পোস্টে গিয়ে একবার বল লাগল। আমিও গোটা কয়েক সুযোগ পেয়েছিলাম। দেখুন, পর্তুগাল কেবল রোনালদোর ওপর নির্ভর করে থাকা দল নয়। তারা রক্ষণে নিখুঁত, রোনালদোকে ছাড়া গোলও করেছে। আমরা দুর্দান্ত একটা দলের বিপক্ষে খেলেছি, তারা সেটাই দেখিয়ে দিয়েছে।’

শুধু দল পর্তুগালের কাছে নয়, ব্যক্তিগত আরেকটি লড়াইয়েও আগেই হার মানলেন এই ২৫ বছর বয়সী। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পর জাতীয় দলের জার্সিতেও দুর্দান্ত ফর্মের পর ইউরোর মাঝপথেই বলাবলি হচ্ছিল, এবারের ব্যালন ডি’অরে গ্রিজমান হতে পারেন চমক। ফাইনাল জিতলে হয়তো সুর অন্য রকম হতো। কিন্তু গ্রিজমান যেন এখানেও আত্মসমর্পণই করলেন। রোনালদোকে একরকম বর্ষসেরা ঘোষণাই করে দিলেন, ‘আমার কি এখনো সুযোগ আছে? এই মৌসুমে তো রোনালদো দুটি বড় ট্রফি জিতেছে। এই লড়াই তাই এখানেই শেষ।’

তা হোক। তবে একেবারে শূন্য হাতে​ তো আর ফিরতে হয়নি তাঁকে।  পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। উয়েফার ১৩ সদস্যের জুরি বোর্ডের বিচারে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ‘গোল্ডেন বল’ও। সোনালি আগামীর গানও শোনাচ্ছেন। গ্রিজমানের প্রতিক্রিয়া যেন মিশ্র, ‘হয়তো পরে এ নিয়ে আমার গর্ব হবে। কিন্তু এখন শুধু আমার সতীর্থদের কথাই ভাবছি। ওদের জন্য খুব খারাপ লাগছে। সবকিছু উজাড় করে দিয়েছিলাম জেতার জন্য। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা হারিয়ে ফেললাম।’

এর আগে একই বছরে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোর ফাইনালে হারার যন্ত্রণার সঙ্গে পরিচয় ছিল শুধু জার্মানির মাইকেল বালাকের। সান্ত্বনা খুঁজতে গ্রিজমান বালাককে ফোন করলে পারেন! সূত্র: এএফপি, রয়টার্স।