তারকা নন নেইমার!

তারকাখ্যাতি তিনি আগেই পেয়ে গেছেন। কারও কারও কাছে তো নেইমার এরই মধ্যে মহাতারকাও। শুধু দুঙ্গার কাছেই নন! ব্রাজিল কোচের কাছে নেইমার এখনো এমন এক ফুটবলার, যাঁর অনেক কিছু প্রমাণ করার বাকি। অন্তত একটা বিশ্বকাপ জেতার আগ পর্যন্ত নেইমারকে ‘তারা’র মর্যাদা দিতে রাজি নন তিনি।
কোচ হিসেবে দুঙ্গা একটু বেশিই বাস্তববাদী, এটা অজানা কিছু নয়। জোগো বোনিতোয় মন রাঙানোর চেয়ে ফলনির্ভর ফুটবল খেলানোই যে তিনি বেশি পছন্দ করেন, সেটা আগের মেয়াদে কোচ থাকার সময়েই দেখিয়েছিলেন। নেইমারের ক্ষেত্রেও আবেগহীন বিশ্লেষণ তাঁর, ‘তারকা হতে হলে আপনাকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে। গড়পড়তার চেয়ে ভালো খেলতে পারলে তবেই না তারকা।’
সেই ভালোটা কী রকম, সেটাও উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ, ‘পেলে ১০টা ম্যাচ খেললে ৬-৭টা ম্যাচে নিজেই ব্যবধান গড়ে দিতেন। গারিঞ্চাও পারতেন ৬-৭টা ম্যাচে ব্যবধান গড়ে দিতে। এটা সত্যি যে ফুটবল এখন আরও কঠিন হয়ে গেছে। প্রতিপক্ষ খেলার জায়গা কম দেয়, দুজন খেলোয়াড় পেছনে লাগিয়ে দেয়। তবু ১০টার মধ্যে অন্তত ৫-৬টা ম্যাচের নির্ধারক হতে হবে।’
সেটা করার জন্য নেইমারকে সব রকম সহযোগিতা করতে অবশ্য প্রস্তুত দুঙ্গা, ‘দলের হয়ে যখন সে খেলবে, তখন যাতে মানদণ্ডের অনেক ওপরে পারফর্ম করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করব।’ মার্কা, স্পোর্ট।