তারকাদের পেছনে ছোটেনি শেখ রাসেল
কাল বিকেলে হঠাৎই সরগরম বাফুফে ভবন। দলবদলের ২৭তম দিনে এসে সবার আগে খেলোয়াড় তালিকা জমা দিল শেখ রাসেল ক্রীড়াচক্র। এরপর এল মোহামেডান। কোনো জমকালো আয়োজন নেই। দুই দলই সব খেলোয়াড় নিয়ে এল ভবনে।
শেখ রাসেল দলটা গতবারের মতো তারকায় ঠাসা নয়। গতবার সাত-আট কোটি টাকা খরচ করেও দলটি কোনো ফল পায়নি। লিগের প্রথম চার ম্যাচই হেরেছে, প্রথম ছয় ম্যাচে মাত্র একটি পয়েন্ট। ওই অবস্থায় কোচ মারুফুল হক পদত্যাগ করলে আসেন শফিকুল ইসলাম মানিক। এরপর দলটির অবস্থান একটু ভদ্রস্থ হয়।
কাগজ-কলমে প্রথম তিনে আসার মতো নয় এবার শেখ রাসেল। দল ছেড়েছেন এমিলি, মিঠুন, শাখাওয়াত রনি, জামাল ভূঁইয়ারা। তাঁদের জায়গা পূরণে তরুণ এবং সম্ভাবনাময়দেরই নিয়েছে শেখ রাসেল। গোলে অভিজ্ঞ বিপ্লব ভট্টাচার্যের সঙ্গে জিয়া ও মোস্তাক। রক্ষণে অভিজ্ঞ আতিকুর রহমান মিশু, অরুপ বৈদ্য, উত্তম বনিক; মাঝমাঠে মোনায়েম রাজু, আলমগীর রানা, মোবারক; আক্রমণে সজিব, নয়ন, জুলফিকার রুমনরা।
এই দলের সঙ্গে ভালো বিদেশি যোগ করলে ভালো কিছুই হবে, এমন আশা কোচ মানিকের, ‘অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দল গড়েছি। অবশ্যই শিরোপা লড়াইয়ে থাকতে চাই।’ কর্মকর্তা ইসমত জামিল লাভলু, সালেহ জামান সেলিমদেরও একই আশাবাদ।