>

আগামী পরশু ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শিরোপাপ্রত্যাশী দলগুলোকে নিয়ে এই ধারাবাহিকে আজ থাকছে শেখ রাসেল
বসুন্ধরা আবাসিক প্রকল্পের যত ভেতরের দিকে ঢুকবেন, ততই বিস্তীর্ণ খোলা প্রান্তর চোখে পড়বে। স্বাগত জানাতে থাকবে সার বাঁধা কাশবন। ফুরফুরে বাতাস আর সবুজের সমারোহের ফাঁকে ফাঁকে কিছু প্লটে ঘরবাড়ি উঠি উঠি করছে। এটুকু বাদ দিলে প্রায় পুরোটাই ফাঁকা জমি। সামনে আরও কিছুদূর এগোলে পূর্বাচল। আরও সামনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। অতটা পথ পাড়ি দেওয়ার আগেই ‘এন’ ব্লকের এক প্রান্তে থমকে দাঁড়াতে হয়। দুপাশে গোলপোস্ট। আরে, এ তো বিশাল ফুটবল মাঠ!
প্রায় আট-নয় বিঘাজুড়ে সেই মাঠে কাল চারটার আগেই একদল ফুটবলার অনুশীলনে নেমে পড়ল। এটি বসুন্ধরা কিংস, মানে পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের নবাগত দল। খানিক বাদেই বাস থেকে নামল আরেক দল ফুটবলার। এই দলটি নীল জার্সিধারী, মানে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড।
‘এফ’ ব্লকের আবাসিক ক্যাম্প থেকে প্রতিদিন সেখানে গিয়ে অনুশীলন করে শেখ রাসেল, কিংস। কালও দুই দলের অনুশীলন একই সঙ্গে চলতে থাকল। খাঁ খাঁ বিশাল জনমানবহীন এলাকার ওই একটা মাঠে জনা পঞ্চাশেক ফুটবলারের দাপাদাপির শব্দ ছড়িয়ে দিল চারপাশে।
মাগরিবের আজান হয়ে যাওয়ার পরও যা কানে আসছিল বারবার। মাঠের মাঝখানে তখনো বাঁশি হাতে দাঁড়িয়ে শফিকুল ইসলাম মানিক খেলা পরিচালনা করছেন। খেলাটা হলো শেখ রাসেলের নিজেদের মধ্যে। মানিক স্ট্রাইকারদের নির্দেশনা দিচ্ছিলেন, ‘গোল করতে হবে... গোল করো।’
এরই কিছুক্ষণ আগে কিংস দলের সঙ্গে তাঁর দল শেখ রাসেলের অনুশীলন করাচ্ছিলেন মানিক। তাতে দেখা গেল, কিংস দলের ‘বুড়ো কাঞ্চন’ একটা গোলও করে ফেলেছেন ক্রস থেকে দারুণ হেডে।
মনোরম পরিবেশে দারুণ উপভোগ্য ঘণ্টা তিনেকের অনুশীলন। মনে হচ্ছিল ইউরোপের কোনো দল দূরে কোথাও হারিয়ে গেছে। আসলে শেখ রাসেল এবার একটা চ্যালেঞ্জ নিয়েছে। গতবার মারুফুল হকের পদত্যাগের সময় লিগের ছয় ম্যাচে মাত্র ১ পয়েন্ট ছিল দলটার। প্রথম চার ম্যাচেই হার। মানিক দায়িত্ব নেওয়ার পরের ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগে দলটা হয় অষ্টম।
ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপেও ব্যর্থ দলটা। অথচ দলে ছিলেন এমিলি, মিঠুন, শাখাওয়াত রনি, কোমল, জামাল ভূঁইয়ার মতো তারকারা। কিন্তু চোট আঘাত এবং বিশৃঙ্খলা দলটাকে বিপদেই ফেলে দিয়েছিল। এবার তাই তারকায় মোহভঙ্গ হয়েছে শেখ রাসেলের। গতবারের ১২ জন আছেন। বাকি সবাই নতুন। অনুশীলনের ফাঁকে ঘরোয়া ফুটবলে ২২ বছরের ক্যারিয়ারে পা দেওয়া অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য ঘর্মাক্ত শরীরে বলছিলেন, ‘আমাদের দলটা এবার অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে হয়েছে।’ তাঁর সঙ্গে কণ্ঠ মেলান সহকারী কোচ রজনীকান্ত বর্মণ, ‘চাপমুক্ত থেকে আশা করি শেখ রাসেল এবার ভালো কিছুই উপহার দিতে পারবে।’
বড় দল গঠন করে অন্য বছর যেমন ট্রফির জন্য ঝাঁপানোর কথা বলতেন শেখ রাসেলের কর্মকর্তারা, এবার এখনো তা নয়। কর্তারা প্রত্যাশার বেলুন ফোলাচ্ছেন না তেমন, তবে দলটার ওপর যথেষ্ট আস্থা রাখছেন। ক্লাবের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিমের কথা, ‘ভালো ফল পেতে যেমন দল দরকার, আমরা ঠিক তেমন দলই করেছি। নামের পেছনে ছুটিনি এবার।’
গতবারের বাজে ফল বড় বেশি বেদনার ছিল দলটার জন্য, সেটা মনে রেখেই এবারের পরিকল্পনা। ভালো ফল পেতে জিম, সুইমিং সুবিধাসহ সবই পাচ্ছেন খেলোয়াড়েরা। সঙ্গে মানিকের কঠোর অনুশীলন আর শৃঙ্খলা। কাল মানিকের অনুশীলন যখন শেষ, চারপাশে অন্ধকার নেমে আসে। শিয়ালের ডাকাডাকি শুরু হয় নির্জন এলাকায়! এই নির্জনতা ভেদ করে ছুটে চলে শেখ রাসেলের টিম বাস। লক্ষ্য একটাই, ভালো কিছু উপহার দিয়ে গতবারের ব্যর্থতা ভোলা।
যাঁরা এলেন
মোবারক, খালেকুজ্জামান সবুজ, সজীব, মোস্তাক, বাবু, নয়ন,
বিশ্বনাথ, মান্নাফ রাব্বি, কাওসার রাব্বি, সোহেল রানা (রাইটব্যাক), জুলফিকার, দাউদা, এলিটা জুনিয়র
যাঁরা গেলেন
জামাল ভূঁইয়া, মিঠুন, এমিলি, কোমল, শাখাওয়াত রনি, লিটন, নাসিরুল, মিন্টু শেখ, বাবলু, নাহিদ
পুরোনো মুখ
বিপ্লব, জিয়া, মিশু, মনি, অরূপ, শাহেদ, মোনায়েম রাজু, রুম্মন, ফজলে রাব্বি, উত্তম, আলমগীর রানা, সবুজ বিশ্বাস, আহমেদ (মিসর)