প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রণায় কাতরাতে কাতরাতে যখন মাঠ ছাড়ছিলেন, তখনই বোঝা যাচ্ছিল চোটটা সামান্য নয়। ডাগআউটে লুইস সুয়ারেজের কান্না নিশ্চিত করেছিল, চোটটা গুরুতরই। প্রথমে ধারণা করা হয়েছিল, কোপা ডেল রের ফাইনালে হ্যামস্ট্রিংয়ের ওই চোট লুইস সুয়ারেজের কোপা আমেরিকাই শেষ করে দিয়েছে। পরে অবশ্য জানা গেছে, সুয়ারেজের স্বপ্ন এখনো বেঁচে আছে। তবে কোপায় খেলতে হলে উরুগুয়েকে আগে নকআউট পর্বে উঠতে হবে। কারণ, গ্রুপ পর্বের কোনো ম্যাচে নামতে পারবেন না সুয়ারেজ। সেরে ওঠার জন্য আরও তিন সপ্তাহ দরকার সুয়ারেজের। কিন্তু কোপা শুরু হয়ে যাচ্ছে ১০ দিন পরই। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ অবশ্য তারপরও সুয়ারেজকে দলে রেখেছেন। অন্তত নকআউট পর্বে হলেও সুয়ারেজকে চান। এই মৌসুমে পিচিচি ট্রফি জয়ী সুয়ারেজ বার্সেলোনার হয়ে যেভাবে খেলেছেন, তাতে অবশ্য তাবারেজ তাঁকে এক ম্যাচের জন্য হলেও চাইবারই কথা! গোল ডট কম।