তারার আলোয় আলোকিত রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনে উয়েফা সুপার কাপের ট্রফি, মৌসুমে রিয়ালের প্রথম শিরোপা। সেটা নিয়ে ছবি তুলতে গিয়ে যেন আনন্দে রীতিমতো মাঠে গড়াগড়ি খেলেন রোনালদো-বেলরা। পরশু কার্ডিফে ষ এএফপি
সামনে উয়েফা সুপার কাপের ট্রফি, মৌসুমে রিয়ালের প্রথম শিরোপা। সেটা নিয়ে ছবি তুলতে গিয়ে যেন আনন্দে রীতিমতো মাঠে গড়াগড়ি খেলেন রোনালদো-বেলরা। পরশু কার্ডিফে ষ এএফপি

মাঝ মাঠে হামেস রদ্রিগেজ পাস বাড়ালেন গ্যারেথ বেলের দিকে। এবার প্রায় ৪৫ গজ দূর থেকে বেলের অসাধারণ ক্রস বক্সে রোনালদোর দিকে। সেটাকে গোলে পরিণত করতে দরকার ছিল শুধু আলতো একটা টোকার। একটুও ভুল হলো না রোনালদোর।
সেভিয়ার জালে রিয়ালের প্রথম গোল।
রদ্রিগেজ-বেল-রোনালদো তিনজনের মিলিত প্রচেষ্টা ধরলে যে গোলের মূল্য প্রায় ২৭৪ মিলিয়ন ইউরো! কে জানে, এটাই ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি গোল কি না!
এই গোলটা ম্যাচের ৩০ মিনিটে। দ্বিতীয়ার্ধে মাঠে নামার মিনিট চারেকের মধ্যে সেভিয়ার জালে আরও একটা গোল দিয়েছে রিয়াল মাদ্রিদ। সেটাও রোনালদোরই। তবে এবার পাসটা বাড়িয়েছিলেন করিম বেনজেমা। কার্ডিফে সেভিয়াকে হারিয়ে রিয়াল উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে রোনালদোর ওই জোড়া গোলেই। তবে রোনালদোর পারফরম্যান্স, মৌসুমে রিয়ালের প্রথম শিরোপা সব ছাপিয়ে আলোচনায় রিয়ালে তারার মেলা। ভালোবেসে সমর্থকেরা যাঁদের ‘বিবিসি’ নাম দিয়েছেন, সেই বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো তো ছিলেনই। রিয়ালের হয়ে পরশু অভিষেক হলো এই মৌসুমে দুই নবাগত হামেস রদ্রিগেজ ও টনি ক্রুসের। সব মিলিয়ে রক্ষণভাগের চারজনের সামনে রিয়ালের বাকি ছয়জন—মডরিচ, ক্রুস, রদ্রিগেজ, বেল, বেনজেমা, রোনালদো। তারার মেলা নয়তো কী! ‘এ বলে আমায় দেখো, ও বলে আমায়’—এমন ভিড়ের মধ্যে শেষ পর্যন্ত দলেই জায়গা পাননি স্যামি খেদিরা, জাবি আলোনসো, এমনকি গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ম্যাচ-সেরা অ্যাঙ্গেল ডি মারিয়া!
যা দেখতে দেখতে স্মৃতিকাতর রিয়াল সমর্থকেরা হয়তো ফিরে গেছেন প্রায় এক যুগ আগে—রিয়ালের জার্সি গায়ে যখন মাঠে নামতেন জিদান-ফিগো-রোনালদো-বেকহাম-রাউলরা। সান্তিয়াগো বার্নাব্যুতে সেই নক্ষত্রের মেলা বসানোর কৃতিত্বটাও কিন্তু এখনকার রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। ২০০০ সালে প্রথম দফায় রিয়াল সভাপতি হয়ে তারার আলোয় আলোকিত করেছিলেন বার্নাব্যুকে। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার বছর পাঁচেক পরে আবার তাঁর হাত ধরেই আরেকটি গ্যালাকটিকোস যুগের শুরু। প্রায় ৩১০ মিলিয়ন ইউরো খরচ করে গড়েছেন বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগ। যেটার প্রথম মহড়াটাও হয়ে গেল কার্ডিফে। দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপ জিতে প্রথম পরীক্ষায়ও দারুণভাবে উতরে গেলেন নতুন গ্যালাকটিকোরা। কাকতালীয়ভাবে রিয়াল প্রথম উয়েফা সুপার কাপটাও জিতেছিল ২০০২ সালে, জিদান-ফিগো-রাউলদের নিয়ে গড়া আগের গ্যালাকটিকোস যুগে।
‘হানড্রেড মিলিয়ন ইউরো ম্যান’ গ্যারেথ বেলের শহরে ম্যাচ। ঘরের ছেলের ঝলক দেখতে কার্ডিফে উপস্থিত ছিলেন ৩৩ হাজার দর্শক। রোনালদোকে বাড়ানো দুর্দান্ত সেই ক্রস ছাড়াও পুরো ম্যাচ-জুড়েই দারুণ খেলেছেন ওয়েলস উইঙ্গার। রিয়াল সমর্থকদের চোখ অবশ্য ক্রুস ও রদ্রিগেজের ওপরই বেশি ছিল। আলোনসোর জায়গায় ক্রুস খেলেছেন পুরোটা সময়, ৭২ মিনিটে বদলি হয়ে যাওয়ার আগে আলো ছড়িয়ে গেছেন রদ্রিগেজও। ম্যাচের পর দলের পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি তাই দুজনের কথাও আলাদা করে বললেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমরা দুর্দান্ত খেলেছি। যদিও প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি। ক্রুস ও হামেস দুজনেই দারুণ খেলেছে।’
গোলে উজ্জ্বল রোনালদো, নিজের শহরে উজ্জ্বল বেল, অভিষেকে উজ্জ্বল রদ্রিগেজ-ক্রুস। মৌসুম শুরুর আগেই তাই সমর্থকদের প্রত্যাশাটাও বাড়িয়ে দিলেন রিয়াল কোচ, ‘আমার মনে হয় আমরা নতুন একটা যুগের শুরু করতে পারি। সেটা করার জন্য অসাধারণ একটা দল আছে আমাদের। এমন দুর্দান্ত সব খেলোয়াড়ের কোচ হয়ে আমি সৌভাগ্যবান। আশা করি আমরা সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারব এবং সম্ভাব্য সবগুলো শিরোপার জন্য লড়তে পারব।’
কে জানে, সুপার কাপ দিয়েই হয়তো সেই সম্ভাব্য সব শিরোপার শুরু। এএফপি, রয়টার্স।