তারার গায়ে উল্কি আঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথ দেখিয়েছিলেন ডেভিড বেকহাম। এখন ফুটবলার মানেই যেন শরীরে নানা আঁকিবুঁকি। রিকার্ডো কারেসমা (বাঁয়ে) কিংবা ইব্রাহিমোভিচদের (মাঝে) শরীর যেন এক টুকরো ক্যানভাস l ফাইল ছবি
পথ দেখিয়েছিলেন ডেভিড বেকহাম। এখন ফুটবলার মানেই যেন শরীরে নানা আঁকিবুঁকি। রিকার্ডো কারেসমা (বাঁয়ে) কিংবা ইব্রাহিমোভিচদের (মাঝে) শরীর যেন এক টুকরো ক্যানভাস l ফাইল ছবি

রিকার্ডো কারেসমার চোখ বেয়ে কাল নিশ্চয়ই জল গড়িয়েছে। সেটি আনন্দাশ্রু, না বেদনার সেটিও এতক্ষণে জানা হয়ে গেছে সবার। তবে পর্তুগিজ মিডফিল্ডারের এখন অশ্রু থাকে সর্বদাই। আগে থেকেই ডান চোখের নিচে দুফোঁটা চোখের জল এঁকে রেখেছেন কারেসমা।
টুইটারে জনপ্রিয় একটি থ্রেড চালু হয় এই জুন মাসেরই মাঝামাঝি। বিষয়, ‘কারেসমা কেন এমন উল্কি আঁকালেন?’ সঠিক উত্তরটি জানাতে পারেননি কেউ। তবে সেখানে মজার অনেক উত্তর মিলেছিল। একজনের সমাধান, ‘নিজের ক্যারিয়ার ধ্বংস করার দুঃখে।’ আরেক ফুটবলপ্রেমীর ভাষায়, ‘রোনালদো তাঁকে পাস দেন না এ কারণে।’ তবে সবচেয়ে জনপ্রিয় উত্তর ছিল, কারণ ‘কারেসমা দুটি খুনের সঙ্গে জড়িত!’ কারণ, মেক্সিকোতে মাফিয়া সদস্যরা কাউকে খুন করার পর চোখের নিচে এভাবেই উল্কি আঁকেন। দুফোঁটা অশ্রুর অর্থ তো এটাই!
আসল গল্পটি হয়তো কারেসমা একদিন নিজেই জানাবেন। তবে শরীরজুড়ে যে পরিমাণ উল্কি এঁকেছেন এখন পর্যন্ত, তাতে সবগুলোর গল্প বলতে বলতেই এক মৌসুম পার হয়ে যেতে পারে!
কারেসমাকে নিঃসঙ্গ সেনানী ভাবলে ভুল হবে। এখন তো ফুটবলারদের শরীর মানেই তো যেন চিত্রকলার আসর। শিল্পীরা যেন ছবি আঁকতে গিয়ে রং-তুলি সবই এনেছিলেন, ক্যানভাস আনতে ভুলে যাওয়ায় ফুটবলারদের বেছে নিয়েছেন। এখন খেলোয়াড় মানেই যেন শরীরের কোথাও না কোথাও বাণী, ছবি কিংবা প্রিয়জনের মুখ।
কাল কারেসমার প্রতিপক্ষ আঁতোয়ান গ্রিজমানও আছেন এঁদের দলে। বাঁ কাঁধে বাইবেলের উক্তি, ডান কাঁধে যিশুখ্রিষ্ট। আরও একটি উল্কি আঁকিয়েছেন তিনি, সেটি হয়তো ভবিষ্যতের জন্য একটি ঘোষণাও, ইংরেজি অক্ষরে লিখেছেন ফেম (খ্যাতি)।
ফুটবলারদের এমন উল্কিপ্রীতির পথিকৃৎ ধরা হয় ডেভিড বেকহামকে। একের পর এক উল্কি আঁকিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক। সাবেক ফ্রেঞ্চ খেলোয়াড় উইলিয়াম গালাস তো তাঁর এক কাঠি বাড়া। নিজে উল্কি আঁকিয়েছেন, আবার বন্ধু দিদিয়ের দ্রগবাকেও দেখিয়ে দিয়েছেন উল্কি পারলারের পথ। গালাসের প্রিয় পারলার ‘ফুলহাম ট্যাটু ও বডি পিয়ার্সিং’য়ের কর্ণধার স্কট ম্যাকলারেনের ভাষায়, ‘একজন উল্কি আঁকান, তাঁর ক্লাব-সতীর্থ জিজ্ঞেস করেন কোথায় করালে, এরপর তিনিও চলে আসেন। শুরু হয় চেইন রিঅ্যাকশন।’
ম্যাকলারেনের নতুন খদ্দরদের মধ্যে আছেন ইংল্যান্ডের নাথানিয়েল ক্লাইন। ইউরোর আগেই তো পারলারে ৪-৫ ঘণ্টা পার করে এসেছেন লিভারপুলের এই রাইটব্যাক। গত সাত বছরে উল্কি আঁকানোর পেছনে ৬০-৭০ ঘণ্টা খরচ করেছেন তিনি। এখনো লিভারপুল থেকে লন্ডনে চলে আসেন শরীরে আঁকাআঁকি করতে। উল্কি আঁকিয়েদের মধ্যে নতুন যুক্ত হয়েছেন ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডিও। ইউরোর আগে ৭ ঘণ্টা ব্যয় করে শরীরে উল্কি আঁকিয়েছেন তিনি!
অবশ্য আঁকাবেন না কেন, নেইমার তো সেই কবেই বোনের ছবি উল্কি করে রেখেছেন হাতে। এমনকি ক্লাসের ভদ্র ছেলে বলে পরিচিত মেসিও উল্কি আঁকিয়েছেন। বাঁ পায়ে ছেলে থিয়াগোর নাম এঁকেছেন, এঁকেছেন নিজের জার্সি নম্বরও।
তবে সুইডেনের ইব্রাহিমোভিচ এ ক্ষেত্রেও নিজেকে আলাদা করে রেখেছেন। একটি ড্রাগন ও কিছু তাসের ছবি এঁকে পাশে লিখে রেখেছেন, ‘শুধু ঈশ্বরই আমার মূল্যায়ন করতে পারেন।’ সূত্র: এএফপি।