তারাহীন ফুটবল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকা নেই—এটা বললে একটু ভুলই বলা হবে। চোখের সামনে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দুজন মহাতারকা। সমকালীন ফুটবলের সীমা ছাড়িয়ে এখন যাঁদের নাম উচ্চারিত হয় সর্বকালের সেরাদের কাতারেও। জিনেদিন জিদানও সেটা মানেন। কিন্তু মেসি-রোনালদোর পাশে এমন দ্যুতিময় আর কে? ফরাসি কিংবদন্তি আর তেমন কাউকে খুঁজে পাচ্ছেন না। অনেকটা আফসোস করেই বলেছিলেন এখনকার ফুটবলে এই ‘তারকাহীনতা’র কথা। এবার জিদানের সঙ্গে সুর মেলালেন তাঁর সময়েরই আরেক মহাতারকা রোনালদো—দ্য ফেনোমেননও। তাঁর মতে, মেসি-রোনালদোর পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যতের আভাস দিচ্ছেন নেইমার। কিন্তু এঁদের বাদ দিলে ফুটবলে ‘তারকা সংকট’ চলছে বলেই মনে করেন ব্রাজিল কিংবদন্তি।
একদিক দিয়ে কথাটা সত্যি। গত সাত বছরে মেসি-রোনালদোর বাইরে অন্য কেউ ব্যালন ডি’অর জেতেননি। অজস্র ট্রফি জয় আর ব্যক্তিগত দ্বৈরথ মিলিয়ে দুজন নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন, এখন অন্য কাউকে তাঁদের পাশে রাখা মুশকিল বটে! তারকা ব্যাপারটাকেই যেন নতুন করে সংজ্ঞায়িত করেছেন তাঁরা দুজন। আর সে কারণেই তাঁদের পাশে অন্যদের দ্যুতিহীন মনে হচ্ছে ব্রাজিল কিংবদন্তি রোনালদোর কাছে, ‘জিদান যেটা বলেছে, আমিও তা-ই বলব। মেসি অসাধারণ, রোনালদো অবিশ্বাস্য। নেইমারের উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু এর বাইরে তো বিশ্ব ফুটবল তারকার অভাবে ভুগছে।’ মার্কা।