তাস পিটিয়েই দারুণ কামাই নেইমারের

মাম্পসে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিলেন গত দুই সপ্তাহ। ইউরোপিয়ান ও স্প্যানিশ সুপার কাপে খেলা হয়নি তাঁর। মাঠের বাইরে থেকেই অ্যাথলেটিক বিলবাওর কাছে বার্সেলোনার শোচনীয় হার দেখতে হয়েছে। ব্রাজিলীয় তারকা নেইমার খুব বাজে সময় কাটিয়েছেন—এমনটাই তো ভাবছেন সবাই? ভাবনা যদি এই লাইনে থাকে, তাহলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। অসুস্থতার এই সময়টায় বৃহস্পতি তাঁর তুঙ্গেই ছিল। এই সময় তাস পিটিয়েই তিনি জিতেছেন ৮২ লাখ টাকা!
ফুটবল মাঠের বাইরে পোকারের টেবিলটাও নেইমারের খুব প্রিয়। অসুস্থতার এই সময়ে পোকার টেবিলে সময়টা দারুণ কেটেছে তাঁর। সুস্থ হয়ে অনুশীলনে ফেরাটা তিনি উপভোগ করেছেন পোকারে বড় জয় দিয়েই।
গত দুই সপ্তাহ মাঠের বাইরে থেকে তাসের টেবিলের নিজেকে আরও শাণিত করেছেন। ব্রাজিলিয়ান এই তারকা অনলাইন গেম ‘পোকার স্টারস’ এর পণ্যদূত। মাঝে-মধ্যেই বন্ধুদের নিয়ে পোকার খেলার ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। গতকাল খেলার একটা ছবি দিলেন তিনি। সেই সঙ্গে জানিয়ে দিলেন তথ্যটা—সব মিলিয়ে ৯২ হাজার ৬শ এক ইউরো (প্রায় বিরাশি লাখ টাকা) জিতেছেন তিনি। তাঁর মাঝে নাকি একদানেই জিতেছেন ১৭ হাজার ইউরো (পনেরো লাখ টাকা)। পুরো ব্যাপারটাই মজা করার জন্য। কিন্তু নেইমাররা বোধ হয় মজা করতে গিয়েই টাকা কামান।
ছবিতে দেখা গেছে দানটি জেতার সময় নেইমারের হাতে ছিল রয়্যাল ফ্ল্যাশ। প্রায় অসম্ভব এই দান দেখে চোখ কপালে উঠতে বাধ্য অনেকেরই। পোকারে দুই ধরনের ফ্ল্যাশ রয়েছে—রয়েল আর স্ট্রেট। এর মাঝে রয়্যাল ফ্ল্যাশ ঘটার সম্ভাবনা সাত কোটি বারে মাত্র একবার। অনেকে মজা করলেন নেইমারের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সম্ভাবনা নাকি এর চেয়েও কম।
তাসের টেবিলের এমন জয়ের পর ফুটবলেও নিজের কারিশমা দেখাতে প্রস্তুত নেইমার। অনুশীলনে ফিরেছেন আগেই। আজ বিলবাওর মাঠ সান মেমেসে লিগের প্রথম ম্যাচেও খেলতে নামার কথা। সুপার কাপ হারানোর শোক কাটাতে নেইমার কতটুকু সাহায্য করতে পারেন—দেখার বিষয় এখন এটিই। সূত্র: গোল ডট কম