তাসলিমার কষ্ট

মন ভালো নেই তাসলিমা খাতুনের। এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠা বাংলাদেশের গোলরক্ষক কয়েক দিন ধরেই ভীষণ একটা মনঃকষ্ট বয়ে বেড়াচ্ছে। একে তো লোকাল বাসে সহযাত্রীর কটুকথা শুনতে শুনতে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামে পৌঁছেছে আট সতীর্থকে নিয়ে। গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জুটেছে স্কুলশিক্ষকের তিরস্কার। তাসলিমার বাবা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কলসিন্দুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক জুবেদ আলীর হাতে।
তাসলিমা সবকিছু মিলিয়ে বেশ মুষড়ে পড়েছে। এশিয়ার সেরা আট দলের মধ্যে বাংলাদেশকে তুলে দেওয়ার এমন পুরস্কার? বিষণ্ন কণ্ঠে তাসলিমা বলছিল, ‘আমরা গরিবের মেয়ে। স্বপ্ন দেখেছিলাম অনেক বড় হব। আসলে গরিবের মেয়েদের স্বপ্ন দেখতে নেই। খেলাধুলা করি বলেই আমরা এই পর্যায়ে এসেছি। এই স্কুলে খেলেই এত নাম আমাদের। কিন্তু এই স্কুল থেকে আমাদের বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন স্যার। এখন অবশ্য বাবার ওই ব্যাপারটি নিয়ে স্যারের ওপর অনেকেই ক্ষুব্ধ। কিন্তু ভয়ে কিছু বলে না। শত হলেও তিনি আমার স্যার। আমি তাঁর ব্যাপারে কী বলব?’
স্কুল এই মেয়েদের কোনো সংবর্ধনা দেয়নি। তাসলিমা ভেবেছিল একরকম, কিন্তু হলো উল্টোটা, ‘আমরা ভেবেছিলাম এত বড় সাফল্য পেয়ে আমরা বাড়িতে এসেছি, স্যাররা সবাই আমাদের প্রশংসা করবেন। কিন্তু আমাদের কপালে জুটল লাঞ্ছনা-গঞ্জনা। আমার বাবার গায়ে হাত তুললেন স্যার। আমার মন এ জন্য বেশি খারাপ।’ স্থানীয় প্রশাসন অবশ্য তাসলিমার বাবাকে নিগৃহীত করার ঘটনায় নড়েচড়ে বসেছে। ধোবাউড়া থানা থেকে তাসলিমার বাবাকে নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে।
কলসিন্দুর গ্রামের উত্তর পাশে বয়ে গেছে পাহাড়ি নদী নিতাই। তাসলিমাদের বাড়ি থেকে দেড় শ গজ দূরে এই নদী। মন ভালো করতে আজ দুপুরে নদীতে দীর্ঘক্ষণ সাঁতার কেটেছে তাসলিমা।
খেলা শেষে বাড়িতে ফেরার আগে ঢাকা থেকে ঈদের জামাকাপড় কিনেছে। গত ঈদের সময়টা কেটেছিল ঢাকায় আবাসিক ক্যাম্পে। এবার তাই পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে গেছে ময়মনসিংহে। বাকি কটা দিন যাতে তাসলিমাদের ঈদের আনন্দ কেউ নষ্ট করতে না পারে, সেদিকে নজর রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বললেন, ‘তাসলিমার বাবার খোঁজখবর রাখছে স্থানীয় থানা-পুলিশ। আর তা ছাড়া তাসলিমা জাতীয় দলের খেলোয়াড়, ওর সবকিছুই আমরা বিশেষভাবে দেখব।’