তাহলে ইউনাইটেডে এলেন ফ্যালকাও!

কী হতে কী হলো! এ তো সার্থক গোয়েন্দা গল্পকেও হার মানায়! পাঠকের ভাবনা ভুল প্রমাণ করে গল্পের কী আশ্চর্য পরিণতি! রাদামেল ফ্যালকাওয়ের দলবদলের গল্পটা এমনই। গতকালই টুইট করেছিলেন, ‘স্বপ্ন সত্যি হলো, জয়তু মাদ্রিদ’। পরে অবশ্য বললেন, ‘এটা আসল নয়, ফটোশপের সাহায্যে করা হয়েছে।’ তবুও দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকে বললেন, ফ্যালকাওয়ের নতুন ঠিকানা বার্নাব্যু। কিন্তু না! আজ জানা গেল, কলম্বিয়ান স্ট্রাইকারের নতুন ঠিকানা ওল্ড ট্র্যাফোর্ড! মোনাকো থেকে ধারে চলে এলেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
এ দলবদলের মৌসুমে ফ্যালকাওর নামের সঙ্গে শোনা যাচ্ছিল আর্সেনাল, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের নাম। কিন্তু উল্লিখিত ক্লাবের কোনোটিতেই নয়, শেষ পর্যন্ত ভিড়লেন ‘রেড ডেভিল’দের ডেরায়! চুক্তিটা ৬০ লাখ পাউন্ডের, কেবল এক মৌসুমের জন্য। ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার মোনাকোতে যোগ দিয়েছিলেন ২০১৩-১৪ মৌসুমে। ২২ ম্যাচে করেছেন ১৩ গোল। এ মৌসুমে তিন ম্যাচে ২ গোল।
মৌসুমের আগেই ওল্ড ট্র্যাফোর্ডে এসেছেন কোচ লুই ফন গাল। কদিন আগেই রেকর্ড টাকায় রিয়াল মাদ্রিদ থেকে এসেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। নতুন মৌসুমে ‘রেড ডেভিল’দের ডেরায় নাম লিখিয়েছেন মার্কোস রোহো, ডেলি ব্লাইন্ড, লুক শর মতো তারকারা। এবার এ তালিকায় যোগ হলেন ফ্যালকাও। অবশ্য লিগে এখনো জয়ের দেখা পায়নি ইউনাইটেড। তবে পরিষ্কার, সাফল্য পেতে মরিয়া ইউনাইটেডের কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতে কোনো আপত্তি নেই। এখন টাকা কথা বললেই হয়! সূত্র: রয়টার্স, বিবিসি।