তাহলে ক্লান্তিই কারণ...

একটা ক্লাবকে সম্ভাব্য সবকিছুই জিতিয়েছেন। বার্সেলোনার হয়ে পেপ গার্দিওলা যা করেছেন, তার চেয়ে বেশি করা বোধ হয় অসম্ভবই। তার ওপর খেলোয়াড়ি জীবনটাও কাটিয়েছেন এখানেই, বার্সেলোনা-গার্দিওলা নাম দুটি তাই সমার্থকই হয়ে গিয়েছিল। কিন্তু নিজের প্রিয় ক্লাব ছাড়লেন কেন? না, অন্য কোনো কারণ খোঁজার দরকার নেই। গার্দিওলা নিজেই জানাচ্ছেন, সে রকম কিছু নয়। সিদ্ধান্তটা নিয়েছিলেন ক্লান্তি থেকে।
সামনের সেপ্টেম্বরে গার্দিওলাকে নিয়ে একটা বই বের হতে যাচ্ছে। মারটি পেরেরানাউ নামে একজন সাংবাদিক বায়ার্ন মিউনিখ কোচকে নিয়ে বইটা লিখেছেন। সে জন্য পাক্কা ২০০ দিন তাঁর সঙ্গেও কাটিয়েছেন। বলাই বাহুল্য, সেই সাংবাদিক গার্দিওলাকে খুব কাছ থেকেই দেখেছেন, অন্দরমহলের অনেক খবরও জেনেছেন। গার্দিওলা তাঁকে বলে দিয়েছেন, ‘যা লিখতে ইচ্ছা করে বা যেটা সমালোচনা করতে চান, সেটা লিখুন। কিন্তু মৌসুম চলার সময় দরজার পেছনের খবর নিয়ে দয়া করে কিছু লিখবেন না।’
সেই বইয়ের একটা পরিচ্ছেদ ছাপিয়েছে স্প্যানিশ দৈনিক এএস। গার্দিওলা সেখানে দাবি করেছেন, বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের সঙ্গে কোনো বিরোধ ছিল না তাঁর, ‘রোসেলের সঙ্গে দল গঠন নিয়ে ঝামেলা হওয়ায় ক্লাব ছেড়েছি, এ রকম কথা একদমই সত্য নয়। আমি ক্লান্তির চূড়ান্তে পৌঁছে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না দলের জন্য আর কী করতে পারি। আমি দলটা ঢেলে সাজানোর পরামর্শ দিইনি, কারণ আমিই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ ইএসপিএন।