তিতের ‘পাঁচ বছর’ উদ্‌যাপন নেইমারদের

তিতের মূল অস্ত্র নেইমার।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে ওয়েভারতন নামটা পরিচিত লাগার কথা। ২০১৬ সালে ব্রাজিলের হয়ে অলিম্পিকে সোনা জেতা এই গোলকিপার ২০১৮ থেকেই খেলছেন পালমেইরাসে। ২০১৭ সাল থেকে জাতীয় দলের সঙ্গে যুক্ত আছেন। তবে চার বছরে মেরেকেটে খেলতে পেরেছেন চার ম্যাচ।

কীভাবে খেলতে পারবেন? সাম্প্রতিক সময়ের দুজন অসাধারণ গোলকিপার খেলছেন ব্রাজিলের হয়ে—লিভারপুলের আলিসন বেকার, ম্যানচেস্টার সিটির এদেরসন মোরায়েস। আলিসন না খেললে এদেরসন খেলেন, ওদিকে ওয়েভারতনকে আক্ষরিক অর্থেই ম্যাচের পর ম্যাচ মাছি মারতে হয় বেঞ্চে বসে। সেই ওয়েভারতনই ব্রাজিলের হয়ে আগামী ম্যাচ খেলতে যাচ্ছেন, কলম্বিয়ার বিপক্ষে।

দারুণ ফর্মে আছে ব্রাজিল।
ছবি: রয়টার্স

পেরু ও ভেনেজুয়েলার বিপক্ষে দুই ম্যাচ জিতে নিজেদের গ্রুপে বেশ ভালো অবস্থানেই আছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করেছে। গোটা দলটাই আছে ফুরফুরে মেজাজে। আর ফুরফুরে মেজাজে আছে বলেই ম্যাচের আগে একটা উপলক্ষ উদ্‌যাপন করার সুযোগ পেয়েছেন নেইমাররা।

ব্রাজিল দলের কোচ হিসেবে পাঁচ বছর হয়ে গেছে তিতের। এই উপলক্ষই সেদিন উদ্‌যাপন করেছেন নেইমাররা। নেইমার নিজেই কোচকে ‘পাঁচ’ লেখা এক জার্সি উপহার দিয়েছেন দলের পক্ষ থেকে। সবাই মিলে ছবিও তুলেছেন। রাজধানী রিও ডি জেনিরোর তেরোসোপলিসের গ্রানহা কোমারি হোটেলে দল নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নেইমার।

কাল ওয়েভারতনকে দেখা যাবে ব্রাজিলের গোলবারে।
ছবি: টুইটার
পাঁচ বছরে ব্রাজিলকে ৫৬ ম্যাচে কোচিং করিয়েছেন তিতে। চল্লিশের দশকের পর তিতে ছাড়া একটানা এত দিন কেউ কোচ ছিলেন না ব্রাজিলের।

অনুষ্ঠানে ছোট্ট বক্তব্য দিতে হয়েছে নেইমারকে। সেখানেও কোচের প্রতি কৃতজ্ঞতাই ঝরেছে, ‘পাঁচ বছর আমাদের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা ও অভিনন্দন। আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য, শেখানোর জন্য, সবার সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য দলের পক্ষ থেকে আপনাকে অভিবাদন!’

ভিনিসিয়ুসের মতো অনেকের কাল একাদশে সুযোগ মিলতে পারে।
ছবি: ইনস্টাগ্রাম

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার কারণে কলম্বিয়ার বিপক্ষেও বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেবেন বলে জানিয়েছেন তিতে। ওয়েভারতন তাঁদের মধ্যেই একজন। দলের খেলোয়াড় বদলালেও খেলার ধরন বদলাবেন না বলে জানিয়েছেন তিতে, ‘আমরা যেভাব খেলছি, সে ধারাই অনুসরণ করব। কিছু খেলোয়াড় বদলাব, কিন্তু যেভাবে খেলছি, সে ধরনটা নয়। আমরা সব সময় এভাবে খেলার চেষ্টাই করি।’

চল্লিশের দশকের পর তিতে ছাড়া একটানা এত দিন কেউ কোচ ছিলেন না ব্রাজিলের। পাঁচ বছরে ব্রাজিলকে ৫৬ ম্যাচে কোচিং করিয়েছেন তিতে, জিতেছেন ৪২ ম্যাচে, ড্র করেছেন ১০ ম্যাচে, হেরেছেন বাকি ৪ ম্যাচে। এই সময় ব্রাজিল ১২৩ গোল করেছে, ১৯ গোল হজম করেছে।