তিতের ব্রাজিলকে থামানোর কেউ নেই!

দুঙ্গা ছাঁটাই হওয়ার পর তিতে ব্রাজিল কোচের দায়িত্ব নিয়েছিলেন গত বছরের জুনে। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের মাঠে জয় দিয়ে তাঁর অভিষেক ঘটেছিল ব্রাজিল কোচ হিসেবে। আজ বাংলাদেশ সময় সকালে সেই বিশ্বকাপ বাছাইপর্বেই ঘরের মাঠে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে তিতের ব্রাজিল। পোর্তো অ্যালেগ্রেতে অনুষ্ঠিত এ ম্যাচের দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের হয়ে গোল করেন পউলিনহো ও ফিলিপে কুতিনহো।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে রাশিয়া বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। তিতের অধীনে ব্রাজিলের জয়রথ থামানোর যেন কেউ নেই! বিশ্বকাপ বাছাইপর্বে এটা তাদের টানা নবম জয়। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও তিতের দল। বাছাইপর্বে আর মাত্র তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল। তাদের সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া গোলশূন্য ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে। কলম্বিয়া বাকি তিন ম্যাচ জিতলেও টেবিলের শীর্ষস্থান থেকে হটাতে পারবে না ব্রাজিলকে। দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান যে ১১! অর্থাৎ, লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষ দল হিসেবেই রাশিয়া বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাজিল।
প্রথমার্ধে প্রতিপক্ষের ওপর সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দারুণ একটি গোলের সুযোগ নষ্ট করেন স্বাগতিক ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। নেইমার বল পায়ে ঝলক দেখালেও গোল পাননি। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে বার্সেলোনা মিডফিল্ডার পউলিনহোর গোলে এগিয়ে যায় তিতের দল। উইলিয়ানের কর্নার থেকে বিশ্বকাপ বাছাইপর্বে নিজের পঞ্চম গোল তুলে নেন পউলিনহো।
৭৬ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটি কুতিনহো ও জেসুসের দারুণ বোঝাপড়ার ফসল। বাঁ প্রান্ত থেকে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে জেসুস হেডে পাস দেন কুতিনহোকে। নিখুঁত প্লেসিং শটে শুধু গোলের আনুষ্ঠানিকতাটুকু সেরেছেন রেনাতো অগাস্তোর বদলি হিসেবে মাঠে নামা লিভারপুলের এ ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবটির হয়ে চলতি মৌসুমে এখনো মাঠে নামা হয়নি কুতিনহোর। লিভারপুলের পক্ষ থেকে অফিশিয়ালি বলা হয়েছে, পিঠের ইনজুরিতে ভুগছেন কুতিনহো। কিন্তু ইকুয়েডরের বিপক্ষে তাঁর ইনজুরির ছিটেফোঁটাও বোঝা যায়নি। অনেকের ধারণা, কুতিনহো বার্সায় যেতে মরিয়া বলেই তাঁকে খেলাচ্ছে না লিভারপুল।
চলতি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলির কাছে হেরেছিল ব্রাজিল। এরপর থেকেই আসরটিতে টানা ১৪ ম্যাচ অপরাজিত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচে না হারার রেকর্ডও ধরে রাখল তারা।