তিতের মাঝে গার্দিওলাকে দেখছেন আলভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই হাসি দলের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন তিতে। ছবি: এএফপি
এই হাসি দলের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন তিতে। ছবি: এএফপি

বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত কিছু সময় কাটিয়েছেন দানি আলভেজ। ইউরোপিয়ান ফুটবলকে শাসন করা বার্সেলোনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ব্রাজিলিয়ান ফুলব্যাক। কোচ হিসেবে পেপ গার্দিওলার শুরুটাও দেখেছেন আলভেজ। গার্দিওলার অধীনে জিতেছেন ১৪ শিরোপা। তাই এই রাইটব্যাক যখন কোচ হিসেবে তিতেকে তুলনা করেন গার্দিওলার সঙ্গে, তখন গুরুত্ব নিয়েই সেটা শুনতে হয়।

এখন জুভেন্টাসে খেললেও বার্সেলোনায় ৮ মৌসুম কাটিয়েছেন আলভেজ। গার্দিওলা দায়িত্ব নিয়েই বার্সেলোনায় নিয়ে এসেছিলেন আলভেজকে। ওই মৌসুমেই সম্ভাব্য ছয় শিরোপা জেতে বার্সেলোনা। গার্দিওলার অধীনে সফল একটা সময় কাটিয়েছেন তিনি। তিতের পরিস্থিতিটা ভিন্ন। কোপা আমেরিকার পরই ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন তিতে। এখনো কোনো শিরোপা জেতার সুযোগ হয়নি তাঁর। কিন্তু বাছাইপর্বে দুর্দান্ত খেলছে ব্রাজিল, দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার ওপরে।
এই কদিনের অভিজ্ঞতাতেই তিতেকে দারুণ পছন্দ হয়েছে আলভেজের, ‘তিতে ও গার্দিওলা প্রায় একই রকম, কারণ গার্দিওলাও খুব ভালো কোচ। তিনি (তিতে) ভালো ফল পাচ্ছেন, কারণ তিনিও অসাধারণ কোচ। তাদের মাঝে অনেক মিল আছে। তারা আপনাকে ভালো হতে সাহায্য করে, ফলে তাদের নিয়ে আগ্রহটাও সৃষ্টি হয়। আমার পাশে এ ধরনের লোকই দেখতে চাই।’
তিতের অধীনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল। অনেক দিন পর ‘ওলে’ ফুটবল দেখা দিয়েছে ব্রাজিল দলের পায়ে। তিতে কেন এতটা ভালো করছেন সেটাও বলে দিয়েছেন আলভেজ, ‘তিতে যা চান তাই করতে পারেন। এখন বিষয়টি হলো তিনি কী করতে চান, কতটুকু যেতে চান। তাঁর চিন্তাভাবনা খুব চমৎকার। অভিজ্ঞতাও অনেক, আর যেভাবে সবাইকে সামলান তাতে দারুণ নেতৃত্বের পরিচয় পাওয়া যায়।’
পরের ম্যাচটা আলভেজের নিজের জন্যও গুরুত্বপূর্ণ। পরের ম্যাচটা যে ব্রাজিলের হয়ে তাঁর শততম ম্যাচ।