তিতে-বাউজার দুই রকম চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি ও বাউজার (বাঁয়ে) ছবিটি পুরোনো। তবে দুজনের চোখে-মুখে ফুটে ওঠা উদ্বেগটা এখনো সত্যি আর্জেন্টিনার ক্ষেত্রে। আর গতকাল অনুশীলনে নেইমার ও তিতের ছবিটিই ব্রাজিলের বর্তমানের প্রতীক। দুজন মিলে ব্রাজিলকে এনে দিয়েছেন নির্ভাবনার দিন l এএফপি, রয়টার্স
মেসি ও বাউজার (বাঁয়ে) ছবিটি পুরোনো। তবে দুজনের চোখে-মুখে ফুটে ওঠা উদ্বেগটা এখনো সত্যি আর্জেন্টিনার ক্ষেত্রে। আর গতকাল অনুশীলনে নেইমার ও তিতের ছবিটিই ব্রাজিলের বর্তমানের প্রতীক। দুজন মিলে ব্রাজিলকে এনে দিয়েছেন নির্ভাবনার দিন l এএফপি, রয়টার্স

আর একটা পয়েন্ট! আর একটা পয়েন্ট!
বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় মন্টেভিডিওতে উরুগুয়ের সঙ্গে খেলবে ব্রাজিল, তার আগে নেইমার-কুতিনহোদের কানে এখন এই মন্ত্রটাও চাইলে জপে দিতে পারেন কোচ তিতে। রেকর্ড বইয়ের হিসাব অনুযায়ী, আর একটা পয়েন্ট হলেই যে বিশ্বকাপে জায়গা করে নেওয়া নিশ্চিত হবে ব্রাজিলের!
কীভাবে? ২০১৪ বিশ্বকাপে স্বাগতিক হওয়ায় বাছাইপর্বে খেলতে হয়নি ব্রাজিলকে। কিন্তু তার আগের দুটিতে, অর্থাৎ ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে—যেখানে দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) ১০টি দলই বাছাইপর্বে অংশ নিয়েছিল—২৮ পয়েন্টই পর্যাপ্ত ছিল বিশ্বকাপে জায়গা করে নিতে। কনমেবল থেকে চারটি দল সরাসরি সুযোগ পায় বিশ্বকাপে, দুবারই চতুর্থ দলটির পয়েন্ট ছিল ২৮! শুধু তা-ই নয়, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বর্তমান ফরম্যাটটা চালু হওয়ার পর ২৮ পয়েন্ট পেয়েও কোনো দল বিশ্বকাপ খেলতে পারেনি—এমন কখনো হয়নি।
এবার বাছাইপর্বে ৬ ম্যাচ বাকি থাকতেই ২৭ পয়েন্ট হয়ে গেছে ব্রাজিলের। ডিফেন্ডার গিল তো আর এমনি এমনি বলেননি, ‘এখনই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করতে চাই। জয়ের ব্যাপারটিই আমাদের চিন্তায় থাকবে, তবে ড্র হলেও হবে।’ অবশ্য কাল উরুগুয়ে, আর চার দিন পর ঘরের মাটিতে প্যারাগুয়ের বিপক্ষে দুটি ম্যাচেই জিতলে বাছাইপর্ব থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের।
ব্রাজিলের জন্য তাই জয়ের বিকল্পও আছে। এই রাউন্ডের দুই ম্যাচে না হলেও সমস্যা নেই, পরে আরও চারটা ম্যাচ আছে বিশ্বকাপ নিশ্চিত করার জন্য। কিন্তু আর্জেন্টিনা? তাদের জন্য এখন জয়ের বিকল্পও জয়! পয়েন্ট তালিকায় পাঁচে আছে লিওনেল মেসির দল (১৯ পয়েন্ট)। বাংলাদেশ সময় কাল ভোর সাড়ে পাঁচটায় ঘরের মাঠে খেলবে চিলির সঙ্গে। জিতলে তালিকার তিনে উঠতে পারে এদগার্দো বাউজার দল, কিন্তু জয় ছাড়া অন্য কিছু হলে তাদের পেরিয়ে যেতে পারে ছয়ে থাকা কলম্বিয়াও (১৮)।
চ্যালেঞ্জ অবশ্য এখানেই শেষ নয় আর্জেন্টিনার। পাঁচ দিন পর যেতে হবে লাপাজে, সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার ফুট ওপরে খেলতে হবে বলিভিয়ার বিপক্ষে। এখনো ম্যাচ বাকি আছে এ মুহূর্তে তালিকার দুই ও তিনে থাকা উরুগুয়ে ও ইকুয়েডরের সঙ্গেও।
চড়াই-উতরাই চলছে নতুন কোচ বাউজার অধীনেও। এখন পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে ছয়টি ম্যাচে ৫৯ বছর বয়সী কোচের রেকর্ডে আশ্চর্য সমতা! জিতেছেন দুটিতে, হেরেছেন দুটি, ড্রও দুটি। এই ছয় ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে আটটি, খেয়েছেও তা-ই! ওসব ভুলে যেকোনো মূল্যে কালকের ম্যাচে কিছু পেতে চান বাউজা। গত সপ্তাহেই আর্জেন্টিনার লা ন্যাসিওনকে বলেছেন, ‘চিলির বিপক্ষে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। জয়টা কীভাবে এল সেটি গুরুত্বপূর্ণ নয়, জয় এলেই হলো!’
ব্রাজিল কোচ তিতের মনোভাব আবার পুরো উল্টো। জয়ের চেয়েও তাঁর কাছে সম্ভবত এখন সুন্দর খেলা, বিশ্বকাপের জন্য দল গড়ে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। দায়িত্ব নিয়ে প্রথম ছয় ম্যাচেই জিতিয়েছেন দলকে। ব্রাজিল খেলছেও দুর্দান্ত! তবে কাল উরুগুয়ে ম্যাচে তিতের জন্য একটিই চ্যালেঞ্জ—গ্যাব্রিয়েল জেসুসের বিকল্প খুঁজে নেওয়া। চোটের কারণে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারকে পাচ্ছে না ব্রাজিল। খেলার ধরন বিবেচনায় তাঁর জায়গায় লিভারপুল ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোকে খেলাতে পারেন তিতে, শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান লিগে স্পোর্ত রেসিফের ৩১ বছর বয়সী স্ট্রাইকার ডিয়েগো সুজার কথাও।
তবে গোল নিয়ে যখন কথা হচ্ছে, তিতে চোখ বুজে নেইমারের ওপর ভরসা করতে পারেন। জাতীয় দলে এরই মধ্যে গোলের ‘ফিফটি’ হয়ে গেছে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের। এ জন্যই কি না, তাঁকে সামলানোর উপায় জানাতে গিয়ে বেশ সতর্ক উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ, ‘নেইমারকে কীভাবে আটকাব, যদি আমার কাছে উত্তরটা থাকতও, আমি আপনাদের বলতাম না।’ তাবারেজের নিজেরও একটা মাথাব্যথা আছে, লুইস সুয়ারেজ থাকছেন না নিষেধাজ্ঞার কারণে। তাঁর জায়গায় খেলবেন পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানি। ইএসপিএন, সাম্বাফুট।