তিন কন্যা...এক ছবি
>

বাংলা খুব একটা বলতে পারেন না। তবু মজা করে তিনজনই বাংলায় বললেন, ‘এখানে মাছ খুব মজা!’
বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ফুটবলার ঢাকায় ট্রায়াল দিতে এলে এমনিতেই সাড়া পড়ে যায় বাফুফে ভবন চত্বরে। তাঁরা যমজ হলে তো কথাই নেই। সেটিও ছাপিয়ে ‘ট্রিপলেট’, অর্থাৎ একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন হলে আরও বেশি কৌতূহল জাগে।
তেমনই এক ‘ট্রিপলেট’ কাল বিকেলে বাফুফের ট্রার্ফে জমিয়ে ফুটবল খেললেন। এই তিন ষোড়শী এসেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে। মুন্সিগঞ্জের বাসিন্দা বাবা মিজানুর রহমান বছর বিশেক আগে ওখানে স্থায়ী হন। তাঁর চার কন্যার বড়জন মায়ামি অপূর্বা রহমান ইন্দো-বাংলা গেমসের আগে বাংলাদেশ দলে ট্রায়াল দিয়ে গিয়েছিলেন। পরে আর ওই গেমসটা হয়নি। তবে মায়ামি চান, ছোট তিনজন যেন অবশ্যই জাতীয় দলে জার্সিটা পরার সুযোগ পান। তাই বোনদের সঙ্গে বাফুফের টার্ফে নেমেছেন তিনিও। তাঁর নামের সঙ্গে ছোট তিনজনের নামের বেশ মিল। মেলেনি অপূর্বা রহমান, মেলেনিয়া অপূর্বা রহমান ও মেলেনিয়াম অপূর্বা রহমান।
‘ট্রিপলেটের’ আপাতলক্ষ্য ২৭ আগস্ট ঢাকায় শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলে বাংলাদেশ দলে খেলা। তাঁরা নিউইয়র্কের রাশ প্যাট্রিয়ট স্কুল দলে খেলেন। কালই প্রথম ঢাকায় ট্রায়াল দিলেন। তিনজনই আশাবাদী, কোচের নজর কাড়তে পারবেন। বাকি দুজনের হয়ে মেলেনি বলে দিলেন সেই আশার কথাই, ‘আমরা জাতীয় দলে খেলতে চাই।’
বাংলাদেশে এই প্রথম আসা। বাংলা খুব একটা বলতে পারেন না। তবু মজা করে তিনজনই বাংলায় বললেন, ‘এখানে মাছ খুব মজা!’ এখানকার আবহাওয়া, মাঠ, খেলার পরিবেশ—সবই তাঁদের পছন্দ হয়েছে। এখন কোচের নজর কাড়াই তিন কন্যার আসল চ্যালেঞ্জ।