তিন দিনে দ্বিতীয় হার রিয়ালের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুটি দলই আমাদের বেশ ভুগিয়েছে। কেন এমন হচ্ছে সেটি বিশ্লেষণ করতে হবে, কারণ কিছু একটা তো ভুল হচ্ছেই।’
ম্যাচের পর জিনেদিন জিদান এমন কিছু বলবেন, দিন চারেক আগেও এটা ভাবা যায়নি। দুর্দান্ত সময় কাটছিল রিয়াল মাদ্রিদের, সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ড। সেই রিয়ালই তিন দিনের মধ্যেই হারল দুবার! সেভিয়ার কাছে লিগে হারের পর পরশু কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও পরাজয়। এবার ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে, ২-১ গোলে।
রক্ষণে ভুল, আর আক্রমণে রোনালদোদের নিষ্প্রভতাই হারের কারণ। ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর ৬৪ মিনিটে ইয়াগো আসপাসের গোলে এগিয়ে যায় সেল্টা, পাঁচ মিনিট পর মার্সেলো সমতায় ফেরান রিয়ালকে। তবে মিনিট খানেকও সমতাটা ধরে রাখতে পারল না, ডিফেন্ডার জনির গোলে ম্যাচটা জিতে যায় সেল্টা। সমীকরণের প্যাঁচে না যেতে চাইলে দ্বিতীয় লেগে রিয়ালকে অন্তত দুই গোলের ব্যবধানে জিততেই হবে। যদিও ইতিহাস তাদের বিপক্ষে, এর আগে দুবার কোপা ডেল রেতে ২-১ গোলে হেরে বাদ পড়েছিল রিয়াল। একবার তাদের বিদায় করেছিল ভ্যালেন্সিয়া (১৯৯৫), আরেকবার বার্সেলোনা (২০১২)।
পুরো ২০১৬ সালে যেখানে সব মিলিয়ে হার ছিল দুই ম্যাচে, ২০১৭ সালের প্রথম ১৮ দিনেই সেই ‘কোটা’ পুরে গেল! দলের হঠাৎ এই ছন্দপতনের দায়টা নিজের কাঁধেই নিচ্ছেন জিদান, ‘এর জন্য আমিই দায়ী। আমাকেই এর সমাধান খুঁজে নিতে হবে। সময়টা একটু খারাপ যাচ্ছে, তবে আমি মোটেও চিন্তিত নই। জানি এর থেকে বেরিয়ে আসতে পারব আমরা। আসবও।’ এএফপি।