
স্কোরশিটে তাঁর নাম লেখা থাকবে না। সেখানে জ্বলজ্বল করছে জর্ডি আলবা ও নেইমারের নাম। কিন্তু পুরো ১২০ মিনিট যাঁরা খেলা দেখেছেন, তাঁরা জানেন পরশুর ম্যাচটা কতটা মেসিময় ছিল। তিনটি পাসেই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন লিওনেল মেসি, সেভিয়ার সঙ্গে ২-০ গোলের জয়ে আরেকটি কোপা ডেল রে জয় এল তাতেই।
প্রথম পাসটা এল ম্যাচের ৯০ মিনিটে। বার্সেলোনা ৩৬ মিনিটেই লাল কার্ড দেখে ১০ জনের দল হয়ে পড়েছে। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন হাভিয়ের মাচেরানো, ম্যাচের তখন অন্তিম মুহূর্ত। লিওনেল মেসির দুর্দান্ত ক্রসটা নেইমার প্রায় ধরেই ফেলেছিলেন, কিন্তু এভার বানেগা ফেলে দেন নেইমারকে। লাল কার্ড! দুই দলই হয়ে গেল ১০ জনের। অতিরিক্ত ৩০ মিনিটের সাত মিনিটে আবারও মেসির অসাধারণ একটা পাস খুঁজে নিল জর্ডি আলবাকে। বার্সা লেফটব্যাক বাঁ পায়ের শটে বলটা জালে জড়িয়ে দিতে ভুল করলেন না। মেসি-নেইমারের যুগলবন্দী থেকে আগেরবার গোল হয়নি, কিন্তু ১২০ মিনিটে ঠিকই হলো। এবারও মেসির দুর্দান্ত থ্রু ঠান্ডা মাথায় জালে জড়িয়ে দিয়েছেন নেইমার।
এটি শুধুই তো একটা জয় নয়, তার চেয়েও বেশি কিছু। ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচের আগে কাতালুনীয় পতাকা নিয়ে কম চাপান-উতোর হয়নি। সেটার জন্য চাপা একটা উত্তেজনা তো ছিলই। এই মাঠে আগের ম্যাচেই মেসিদের চ্যাম্পিয়নস লিগের স্বপ্নভঙ্গ হয়েছে কদিন আগে। ওই মাঠে ট্রফি নেওয়ার অনুভূতিটা একটু অন্য রকমই হওয়ার কথা।
লা লিগা জয়ের এক সপ্তাহ পর এল কোপা ডেল রে। বার্সেলোনার ডাবলজয়ী অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে ‘সব ভালো যার, শেষ ভালো তার’ অনুভূতিই ছুঁয়ে যাচ্ছে, ‘ফাইনালটা ছিল দুর্দান্ত, খুবই উত্তেজনাকর। অসাধারণ একটা মৌসুম শেষের পথে এটা ছিল ক্লাবের শেষ ধাক্কা।’ কোচ লুইস এনরিকের কণ্ঠেও একই অনুভূতি, ‘মৌসুমের শেষটা দারুণ হয়েছে। এই মৌসুমে আমাদের অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে।’ আলবার গোলটাই শেষ বিচারে শিরোপা জয়ে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু আলবার মুখে থাকল শুধুই মেসির প্রশংসা, ‘১০ জন নিয়ে সেভিয়ার মতো একটা দলের সঙ্গে এতক্ষণ খেলা বেশ কঠিন। লিও আরও একবার নিখুঁতভাবে আমাকে খুঁজে নিয়েছে, সেটা আমারও ভাগ্য।’
তবে বার্সেলোনার একজনকে ডাবল জয়ের আনন্দের মধ্যেও ছুঁয়ে যাচ্ছে হতাশা। ৫৭ মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছেড়েছেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের হয়ে তাঁর কোপা আমেরিকায় খেলা নিয়েই এখন সংশয়। এএফপি, রয়টার্স।