তিন পেনাল্টি ঠেকানোর পর গোলও করলেন আদান

>তিন পেনাল্টি ঠেকানোর পর গোলও করলেন আদান। টাইব্রেকারে ৩টি শট থামিয়ে আর গোল করে নায়ক বনে গেলেন অ্যাটলেটিকো মাদ্রিদের নতুন গোলরক্ষক আদান।
অভিষেক হলে এ রকমই হতে হয়। স্বপ্নের মতো অভিষেক যাকে বলে। একজন গোলকিপার কি একাই ম্যাচ জেতাতে পারেন? সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের নতুন গোলরক্ষক আন্তোনিও আদান। রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে আদান নামটি খুবই পরিচিত। একসময় এ দলের নিয়মিত মুখ এখন অ্যাটলেটিকো মাদ্রিদে। আর নতুন ক্লাবের হয়ে অভিষেকে তিন পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে গিয়েছেন আদান।
প্রাক–মৌসুম খেলায় ব্যস্ত দলগুলোর মাঝে যেন খেলা টাইব্রেকারে নেওয়ার লড়াই চলছে। গত দুই দিনে অনুষ্ঠিত হওয়া ছয় ম্যাচের তিনটি গড়িয়েছে টাইব্রেকারে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের নিয়মটা একটু ভিন্ন। ৯০ মিনিট শেষ হওয়ার পর কোনো অতিরিক্ত সময় নেই। সরাসরি টাইব্রেকার। প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ও বেনফিকার ম্যাচে ৪-৩ গোলে পেনাল্টিতে জয় তুলে নেয় বেনফিকা। এসি মিলান আর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ তো ছিল ২৬ শটের রহস্য। কিন্তু গতকালের ম্যাচ সেটাও ছাপিয়ে গেল গোলরক্ষকদের দৃঢ়তায়।
নির্ধারিত সময় ম্যাচ ১-১ গোল ড্র হয়। যদিও দুই দলের গোলই ছিল চোখে লেগে থাকার মতো। ধারে দুই বছর বাইরে থাকা লুসিয়ানো ভিয়েত্তো অ্যাটলেটিকোকে গোল এনে দেন। অসাধারণ সে হেড অনেক দিন চোখে লেগে থাকবে। বিরতির পর আর্সেনালের ১৭ বছর বয়সী যুব দলের তারকা এমিল রোয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শট নিয়েছিলেন। সে শট থামানোর কোনো উপায় ছিল না আদানের।
পেনাল্টিতে দুই দলের গোলরক্ষকই নিজেদের সেরা খেলা দিয়েছেন। প্রথম আট শটের মাঝে দুই গোলরক্ষক পাঁচটি শটই থামিয়ে দেন। তার মাঝে আদান তিনটি আর চেক দুইটি। শেষ পেনাল্টিটা আবার নেওয়ার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। সে থেকে গোল করে দলকে জিতিয়েছেনও আদান। তিন পেনাল্টি থামিয়ে নিজেকে ভাগ্যবান ভাবছেন আদান, ‘আমার ভাগ্য খুবই ভালো যে তিনটি পেনাল্টিতেই ঠিক দিকে লাফ দিতে সফল হয়েছি। নতুন দলে যোগ দিয়েই জয় উপহার দিতে পারা অনেক বড় কিছু।’
মুদ্রার ঠিক উল্টো পিঠ দেখতে হয়েছে আর্সেনালের নতুন কোচ উনাই এমেরিকে। ২৩ বছর পর আর্সেন ওয়েঙ্গারের মুখটা আর্সেনালের ডাগ আউট থেকে উধাও। নতুন কোচ হিসেবে আর্সেনালের ভাগ্যটা বদলাতে পারেননি এমেরি। প্রথম ম্যাচেই ওজিলকে বসিয়ে রেখে হার দেখেছেন এমেরি।