তিন পেনাল্টির ম্যাচে আবাহনীর ব্রাজিলিয়ান–ঝলক

জয়ের পর আবাহনীর খেলোয়াড়দের উল্লাসছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়ে শেষ আটে এক পা দিয়েই রেখেছিল আবাহনী লিমিটেড। আজ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে দুই পেনাল্টির কল্যাণে আবাহনী জিতেছে ৩–১ গোলে।

নবাগত ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলটন গোমেজ পেনাল্টিতে একটিসহ জোড়া গোল করেছেন। অন্য গোলটি তাঁরই স্বদেশি রাফায়েল আগস্তোর। আবাহনী দুটি পেনাল্টি কাজে লাগালেও রহমতগঞ্জ নষ্ট করেছে নিজেদের একমাত্র পেনাল্টি।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আবাহনী সহজেই উঠে গেল স্বাধীনতা কাপের নকআউট পর্বে। ১০ ডিসেম্বর শেষ আটে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। ‘এ’ গ্রুপ থেকে আবাহনীর সঙ্গী হয়ে নকআউটে উঠেছে দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। তবে দুটি ম্যাচই হেরে মৌসুমের প্রথম টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পুরোনো ঢাকার দল রহমতগঞ্জ।

আজ কমলাপুর স্টেডিয়ামে আবাহনীকে শুরুর দিকে চোখ রাঙাচ্ছিল রহমতগঞ্জ। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি চমক দেখাতে। তবে প্রথমার্ধ শেষ হয় নাটকীয়তায়। এই অর্ধে আলোচিত ফুটবলার আবাহনীর সেন্টারব্যাক টুটুল হোসেন (বাদশা)। আবাহনী গোল করার আগেই গোল খেয়ে বসে টুটুল হোসেনের ভুলে। পরবর্তী সময়ে তাঁর হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছে রহমতগঞ্জ।

রহমতগঞ্জের বক্সে আবাহনীর একটি আক্রমণ
ছবি: বাফুফে

১৫ মিনিটে রহমতগঞ্জের নাইজেরিয়ান স্ট্রাইকার ফিলিপে বক্সে ঢুকে পড়েন। তাঁর কাটব্যাকে সতীর্থ মিডফিল্ডার ইনামুল ইসলামের প্লেসিং টুটুল হোসেনের পায়ে লেগে বল জালে জড়ায়। রেফারি বিটু রাজ বড়ুয়া এটিকে ‘আত্মঘাতী’ গোল দিয়েছেন।

এক মিনিট পরই রহমতগঞ্জের বক্সে বল দখলের লড়াইয়ে আবাহনীর কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেসকে ফেলে দেন রহমতগঞ্জ ডিফেন্ডার মোহাম্মদ তারেক। পেনাল্টিতে গোলকিপার জিয়াউর রহমানের ডান দিক দিয়ে জোরালো শটে ১–১ করতে ভোলেননি আবাহনীর নবাগত ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলটন গোমেজ।

৪২ মিনিটে পাল্টা আক্রমণে ২–১ করে ফেলে রহমতগঞ্জ। আবাহনীর বক্সের ডান দিকে বল লাগে টুটুল হোসেনের হাতে। রেফারি পেনাল্টি দিতে দ্বিধা করেননি। পেনাল্টিতে অবশ্য গোল করতে পারেননি রহমতগঞ্জের নাইজেরিয়ান স্ট্রাইকার ফিলিপ অ্যাজাহ। তাঁর শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন আবাহনীর গোলকিপার মাহফুজ হাসান (প্রীতম)। মূল গোলকিপার শহিদুল আলম নৌবাহিনীর হয়ে এই টুর্নামেন্টে খেলায় মাহফুজ সুযোগ পাচ্ছেন।

দুই দলের খেলোয়াড়দের বল দখলের লড়াই
ছবি: বাফুফে

৫০ মিনিটে আবাহনীর মাঝমাঠের প্রাণ ও এ মৌসুমে অধিনায়কত্ব পাওয়া ব্রাজিলিয়ান রাফায়েল আগস্তো রহমতগঞ্জের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সে বল ঠেলেন। এ সময় গোল লাইনের সামনে নিজের শরীরের সঙ্গে লেগে থাকা রহমতগঞ্জের এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দারুণ এক ব্যাকহিলে বল জালে পাঠান দরিয়েলটন। অল্প জায়গা থেকে ব্যাকহিলে বল পোস্টে পাঠিয়ে আবাহনীর জার্সিতে অভিষেকেই ঝলক দেখালেন তিনি। গোলটি দুই ব্রাজিলিয়ানের যুগলবন্দীর ফল।

৭০ মিনিটে রহমতগঞ্জের সানোয়ার বক্সে ফেলে দেন রাফায়েলকে। দরিয়েলটন পেনাল্টি নিলে হ্যাটট্রিক হতে পারত তাঁর। কিন্তু তিনি নিজেই রাফায়েলকে পেনাল্টিতে নিতে দিলেন। রাফায়েল ভুল করেননি (৩–১)। বাকি সময়ের রহমতগঞ্জ চেষ্টা করলেও ম্যাচে আর ফিরতে পারেনি।