তিন ফুটবলারের বিপত্তি
কাগজে-কলমে এখনো তাঁরা মোহামেডানের ফুটবলার। কিন্তু ক্লাবের অনুমতি ছাড়াই শেখ রাসেল ক্রীড়াচক্রের অনুশীলনে যোগ দিয়ে এবার কারণ দর্শানোর নোটিশ পেলেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, উইঙ্গার জাহিদ হোসেন ও গোলরক্ষক মামুন খান।
আগামী সেপ্টেম্বরে এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে খেলতে শ্রীলঙ্কা যাবে শেখ রাসেল ক্রীড়াচক্র। এরই মধ্যে এই তিনজনের নাম এএফসিতে পাঠিয়েও দেওয়া হয়েছে শেখ রাসেলের খেলোয়াড় হিসেবে। কিন্তু দুই ক্লাবের মধ্যে সমন্বয় ছাড়াই এভাবে নাম পাঠানোয় ক্ষুব্ধ হয়েছে মোহামেডান। জাহিদ হোসেন অবশ্য আশাবাদী এ সমস্যার সমাধান অচিরেই হবে, ‘আমরা বুঝতে পেরেছি যে অন্যায় করেছি। এভাবে ক্লাবের অনুমতি ছাড়া অনুশীলনে যোগ দেওয়া ঠিক হয়নি। তবে ক্লাব অনুমতি দিলে আমরা খেলব, নইলে খেলব না। আশা করি, দেশের স্বার্থে ক্লাব কর্মকর্তারা আমাদের শ্রীলঙ্কা যাওয়ার অনুমতি দেবেন।’