তিন বছরের চুক্তি করে চার মাসেই ছাঁটাই!

ক্লদিও রানিয়েরি ছাঁটাই হওয়ার পর গত ফেব্রুয়ারিতে লেস্টার সিটি কোচের দায়িত্ব নিয়েছিলেন ক্রেইগ শেক্সপিয়ার। শুরুতে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেলেও গত জুনে শেক্সপিয়ারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছিল লেস্টার। সেই চুক্তির পর কিং পাওয়ার স্টেডিয়ামের ক্লাবটিতে শেক্সপিয়ার টিকলেন মাত্র চার মাস!
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ভালো করতে পারছে না লেস্টার। সর্বশেষ ছয় ম্যাচে জয়বঞ্চিত থেকে লিগ টেবিলে অবনমন অঞ্চলে (১৮তম) নেমে গেছে ২০১৫-১৬ মৌসুমে শিরোপা জিতে রূপকথার জন্ম দেওয়া ক্লাবটি। সব মিলিয়ে আট ম্যাচে মাত্র এক জয় পাওয়ায় শেক্সপিয়ারের ওপর সন্তুষ্ট হতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ওয়েস্টব্রমের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ২৪ ঘণ্টার মধ্যে শেক্সপিয়ারকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় তারা। ৫৩ বছর বয়সী এ কোচকে এক বৈঠকে নিজেদের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছে লেস্টার।
শেক্সপিয়ারের ছাঁটাই হওয়ার সঙ্গে রানিয়েরির প্রস্থানের একটি মিল আছে। শিরোপা জেতানোর নয় মাস পর লিগে টানা ছয় ম্যাচ জয়শূন্য থাকার খেসারত গুনে ছাঁটাই হয়েছিলেন রানিয়েরি। শেক্সপিয়ারেরও একই পরিণতি। সূত্র: বিবিসি, স্কাই স্পোর্টস।