তিন বছরের জন্য ইউনাইটেডে মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো এখন ম্যানচেস্টার ইউনাইটেডের। সৌজন্য: ইউনাইটেড ওয়েবসাইট।
হোসে মরিনহো এখন ম্যানচেস্টার ইউনাইটেডের। সৌজন্য: ইউনাইটেড ওয়েবসাইট।

আগেই জানা গিয়েছিল সবকিছু। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল। সেটিও এসে গেল আজ, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন হোসে মরিনহো। ইউনাইটেড তাদের অফিশিয়াল সাইটে এটি নিশ্চিত করেছে।
তিন বছর আগে যখন দ্বিতীয় দফায় চেলসিতে এসেছিলেন, তখন বলেছিলেন অবশেষে আসল ঠিকানায় ফিরেছেন। ইউনাইটেডে আসার পর মরিনহো এবারও একটু আবেগাপ্লুত হয়ে পড়লেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারা আমার জন্য বিশেষ একটা সম্মান। এই ক্লাবকে বিশ্বে সবাই চেনে। এটার সঙ্গে এমন একটা রোমান্স ও আকর্ষণ জড়িয়ে আছে, যেটা অন্য কোনো ক্লাবের নেই। আমি সব সময়ই ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে একটা হৃদ্যতা অনুভব করেছি। এখানে আমার ক্যারিয়ারের বেশ কিছু মনে রাখার মতো স্মৃতি আছে। ইউনাইটেড সমর্থকদের সঙ্গেও আমার বেশ সুখস্মৃতি আছে। আমি ইউনাইটেড খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী এড উডওয়ার্ডও মরিনহোর প্রশংসায় পঞ্চমুখ, ‘এই সময়ে হোসেই সেরা কোচ। তিনি অনেক ট্রফি জিতেছেন, অনেক খেলোয়াড়কে অনুপ্রেরণা জুগিয়েছেন। প্রিমিয়ার লিগেও তাঁর অভিজ্ঞতা অনেক, এর আগে তিন বার লিগ জিতেছেন। আমার মনে হয় এই ক্লাবকে সামনে এগিয়ে দেওয়ার জন্য তিনিই সবচেয়ে আদর্শ।’