তিন বিদেশির তিন গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দুই ম্যাচে ৩ গোল করেছেন। তবে কাল তৃতীয় ম্যাচে গোলবিহীনই থাকলেন স্ট্রাইকার এনামুল। তাতে অবশ্য মুক্তিযোদ্ধাকে জয়বঞ্চিত করতে পারেনি বিজেএমসি। বরং শেষ মুহূর্তে বিজেএমসির জীবন একটা গোল করে শুধু ব্যবধানই কমিয়েছেন (৩-১)।
মুক্তিযোদ্ধার তিনটি গোলই তিন বিদেশি খেলোয়াড়ের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ২৩ মিনিটে গোলের খাতা খোলেন মিসরের মিডফিল্ডার ফেকরে জাইদা। ঘানার ডিফেন্ডার আব্বাস ইনুসা ৫৭ মিনিটে করেন ২-০। তৃতীয় গোল ৭২ মিনিটে, এটি করেছেন সেনেগালের ফরোয়ার্ড কামারা।
শেখ জামালের পর প্রথম তিন ম্যাচ জিতল মুক্তিযোদ্ধাও। লিগ শুরুর আগে তাদের কেউ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল বলেনি। তবু চ্যাম্পিয়নের মতোই বীরদর্পে এগোচ্ছে আবু ইউসুফের দল।
বল হারালেও দ্রুত কেড়ে নিয়ে আক্রমণে ওঠাই এই মুক্তিযোদ্ধার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। টানা জয়ে সেই ফলই পাচ্ছে ফেডারেশন কাপের রানার্সআপ দলটি। জয়ের পথে থাকায় আত্মবিশ্বাসও বেড়েছে অনেক। তিন ম্যাচে ১ পয়েন্ট পাওয়া বিজেএমসিকে শুরুতেই যেন গ্রাস করল অবনমনের শঙ্কা।