তিন মহাতারকাই আজ মাঠে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় তিন মাসের ‘ছুটি’ কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি রোনালদোর। কাল মাদ্রিদের অনুশীলন মাঠ ভালদেবেবাসে l এএফপি
প্রায় তিন মাসের ‘ছুটি’ কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি রোনালদোর। কাল মাদ্রিদের অনুশীলন মাঠ ভালদেবেবাসে l এএফপি

রোনালদো ফিরছেন? নেইমার আজ থাকবেন? মেসির চোটের অবস্থা কী?
কিছুদিন ধরে স্প্যানিশ সংবাদমাধ্যম সম্ভবত এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজেছে বেশি। লিগের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ, বড় তিন দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদও মাঠে নামছে। কিন্তু সবকিছু ছাপিয়ে বড় আকর্ষণ যে এই তিন মহাতারকাকে ঘিরে। গত মে মাসের পর আজই আবার একই দিনে দুই বিখ্যাত ত্রয়ী—বার্সার ‘এমএসএন’ ও রিয়ালের ‘বিবিসি’কে দেখতে পারেন ফুটবল ভক্তরা।
প্রথমে অলিম্পিক, পরে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্ব—এই দুইয়ের জন্য মৌসুমে এখনো বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামা হয়নি নেইমারের। এরই মধ্যে ব্রাজিলের অলিম্পিক সোনার হাহাকার ঘুচিয়ে নায়ক হয়ে ফিরেছেন। মেসির মতো চুলে সাদা রং করিয়ে বেশভুষাও বদলেছেন। নতুন নেইমারকে দেখার অপেক্ষা আজ ফুরাবে বার্সা সমর্থকদের, ন্যু ক্যাম্পে নবাগত আলাভেসের বিপক্ষে। দলের সঙ্গে এত দিন অনুশীলন না থাকলেও ব্রাজিলের জার্সিতে নেইমার বুঝিয়েও দিয়েছেন, ছন্দেই আছেন।
মাদ্রিদিস্তাদেরও অপেক্ষা পর্তুগালকে ইউরো জিতিয়ে ফেরা রোনালদোকে দেখার। ইউরোর ফাইনালের ২৪ মিনিটেই হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। আর মাঠে ফেরা হয়নি। অপেক্ষাটা আজ ঘুচতে পারে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে। রোনালদোকে ছাড়াই অবশ্য প্রথম দুই ম্যাচে উতরে গেছে রিয়াল। আজ জিতলে জিনেদিন জিদানের দল লিগে টানা ১৫ ম্যাচে জয়ের ক্লাব রেকর্ডও গড়বে।
মাদ্রিদের অনুশীলনে রোনালদো ফিরেছেন আরও দিন কয়েক আগে। ম্যাচ ফিটনেস নিয়ে সংশয়ও দূর করে দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক নিজেই। পরশু মাদ্রিদে নতুন পারফিউম ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে রোনালদো ঘোষণা দিয়ে রেখেছেন, ‘আমি প্রস্তুত!’ রিয়াল কোচ জিনেদিন জিদানও এরই মধ্যে দলের প্রাণভোমরাকে ফেরানোর পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন—আজ তাঁকে খেলানো হবে ৬০ মিনিট, আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে পর্তুগালের স্পোর্টিংয়ের বিপক্ষে ৭০ মিনিট।

রোনালদোর সঙ্গে ফিরেছেন স্ট্রাইকার করিম বেনজেমাও। পুরো শক্তির দলকে একসঙ্গে পাচ্ছেন ভেবে উচ্ছ্বসিত ‘বিবিসি’ ত্রয়ীর অন্যজন গ্যারেথ বেলও, ‘ওসাসুনা ম্যাচের জন্য আমি উন্মুখ। জানি ওরা আমাদের জন্য কাজটা কঠিন করে তুলবে। তবে প্রায় পুরো দলকে একসঙ্গে পাওয়াটা আমাদের জন্য ভালো ব্যাপার।’

রিয়াল পাচ্ছে পুরো শক্তির দল। কিন্তু বার্সা? তাদের মূল শঙ্কা যে দলের প্রাণ মেসিকে ঘিরেই। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে গিয়ে ফিরেছেন চোট নিয়ে। অনুশীলন করেছেন, স্প্যানিশ ‘টিভি থ্রি’কে এই ম্যাচে খেলার ইচ্ছেটাও মেসি জানিয়ে দিয়েছেন। তবে শেষ পর্যন্ত কোচ লুইস এনরিকে মেসিকে নিয়ে ঝুঁকি নেবেন কি না, সেই সিদ্ধান্তটা একান্তই তাঁর। মেসি না খেললে আজ অভিষেক হতে পারে মাত্রই ভ্যালেন্সিয়া থেকে আসা স্ট্রাইকার পাকো আলকাসারের।

অন্য ম্যাচে সেল্টা ভিগোর মাঠে খেলবে অ্যাটলেটিকো। লিগের প্রথম দুই ম্যাচে নবাগত আলাভেস ও লেগানেসের সঙ্গে ড্র করে কিছুটা অনাহূত চাপেই আছে ডিয়েগো সিমিওনের দল। এএফপি, গোল।