তিন ম্যাচ নিষিদ্ধ কস্তা

আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল লাল কার্ড পেলে কীভাবে ছাড় পান চেলসির ডিয়েগো কস্তা? ১৯ সেপ্টেম্বর চেলসি-আর্সেনাল ম্যাচটি যাঁরা মাঠে বসে কিংবা টেলিভিশনের সামনে বসে দেখা প্রায় সব দর্শকেরই প্রশ্ন ছিল এটি। শেষ পর্যন্ত পার পেলেন না কস্তা। পরশু আর্সেনালের সেন্টারব্যাক লরেন্ত কসিয়েলনিকে মুখে আঘাত করায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার। নিষেধাজ্ঞা পাওয়ায় কস্তা কাল খেলতে পারেননি লিগ কাপে ওয়ালসলের সঙ্গে তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে। আর প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না নিউক্যাসল ও সাউদাম্পটনের সঙ্গে পরের দুটি ম্যাচে।
রেফারি মাইক ডিনের চোখ এড়িয়ে গেলেও ক্যামেরার চোখকে ফাঁকি দিতে পারেননি কস্তা। যে কসিয়েলনিকে বুকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেছিলেন সেই তারই মুখে আঘাত করায় ইংলিশ ফুটবল ফেডারেশন তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তাঁকে। এদিকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের স্বাধীন নিয়ন্ত্রণ কমিশনে আর্সেনালের আপিল গৃহীত হওয়ায় বাতিল হয়ে গেছে গ্যাব্রিয়েলের তিন ম্যাচের নিষেধাজ্ঞা। অবশ্য গ্যাব্রিয়েলের বিরুদ্ধে আরেকটি অভিযোগ এখনো বহাল, সেটি লাল কার্ড দেখেও বিলম্বে মাঠ ছাড়ার। এএফপি, রয়টার্স।