তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার?
বার্সেলোনার জন্য একটি দুঃসংবাদই দিয়েছে স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা। মাদ্রিদভিত্তিক পত্রিকাটির দাবি, তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাচ্ছেন নেইমার। শাস্তির আনুষ্ঠানিক ঘোষণাও আজই দেওয়া হবে বলে জানিয়েছে পত্রিকাটি। মার্কার খবর সত্যি হলে ২৩ এপ্রিল এল ক্লাসিকোতে আর খেলা হচ্ছে না ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ডের। এর আগে স্প্যানিশ লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে কাতালান ক্লাবটি।
মালাগা-বার্সেলোনা ম্যাচের রেফারি গিল মানসানোই নিশ্চিত করেছেন, দুই অর্ধে দুটি হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেছেন ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান। দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে লাল কার্ড দেখলে সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পান কোনো খেলোয়াড়। কিন্তু বেশি শাস্তির শঙ্কাটা নিজেই তৈরি করেছেন নেইমার। মাঠ ছাড়ার সময় যে চতুর্থ রেফারির দিকে ‘অপমানসূচক’ হাততালি দিয়েছিলেন! রেফারির প্রতিবেদনেও লেখা আছে সেটি। স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় রেফারিকে অবজ্ঞা করলে দুই থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। মার্কা।