তিন ম্যাচ নিষিদ্ধ সিমিওনে?
পরশু অ্যাটলেটিকো-মালাগা ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্ত। প্রতি-আক্রমণ থেকে গোলের ভালো একটা সুযোগ এসে গেল মালাগার সামনে। আর ঠিক তখনই অ্যাটলেটিকোর ডাগ-আউট থেকে একটা বল ঢুকে পড়ল মাঠে! মালাগার আক্রমণ পণ্ড করতেই যে এটা করা, সেটা বোঝাই যাচ্ছিল। রেফারি তখনই কিছু বুঝতে পারেননি। তবে ম্যাচ শেষে দুই দল বেরিয়ে যাওয়ার সময় অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনেকে ডেকে কথা বলেছেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দেখা গেল, সিমিওনে বসে আছেন গ্যালারিতে। তখনই বোঝা গেল, বের করে দেওয়া হয়েছে সিমিওনেকে।
অ্যাটলেটিকোর জন্য তার চেয়েও বড় দুশ্চিন্তার কথা, সিমিওনের শাস্তি আরও বড় হতে পারে। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার শঙ্কার সামনে এই আর্জেন্টাইন। আর তা হলে এবারের লিগে আর হয়তো ডাগ-আউটে দেখা যাচ্ছে না এই কোচকে।
কিন্তু বলটা তো সিমিওনে দেননি, তাঁকে শাস্তি দেওয়া হলো কেন? নিয়ম অনুযায়ী, ক্লাবের স্টাফের কারও শাস্তির দায় কোচকেই নিতে হয়। সিমিওনে নিজেও এই শাস্তি নিয়ে তাই উচ্চবাচ্য করেননি, ‘আমাদের পাশে যে ছেলেটি বসেছিল, সেই এই কাজ করেছে। কিন্তু তাতে কিছু আসে যায় না। রেফারির যা করা উচিত ছিল, তিনি সেটাই করেছেন।’ অ্যাঙ্গেল কোরেয়ার গোলে পরশু অ্যাটলেটিকোর ১-০ গোলে জয়ের আনন্দও তাই একটু ম্লান হয়ে গেছে। ইএসপিএন।