তিন ম্যাচ নিষিদ্ধ সিমিওনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি তিনি ম্যাচ চলার সময়েই পেয়েছিলেন। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে বাড়তি বল ছোড়ার দায়ে ডাগ-আউট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ডিয়েগো সিমিওনে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ যে আরও বড় শাস্তি পেতে যাচ্ছেন, সেটি অনুমিতই ছিল। বড় শাস্তিই হলো তাঁর। স্প্যানিশ ফুটবল ফেডারেশন গতকাল নিশ্চিত করেছে, লিগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সিমিওনে।
ঘটনাটা গত শনিবার লা লিগায় অ্যাটলেটিকো-মালাগা ম্যাচের। ম্যাচটা অ্যাটলেটিকো ১-০ গোলে জিতেছে। তবে প্রথমার্ধে মালাগার একটি আক্রমণ ঠেকাতে হঠাৎই অ্যাটলেটিকোর ডাগ-আউট থেকে একটি বল ছোড়া হয় মাঠে। বল ছুড়েছিলেন ডাগ-আউটে থাকা অন্য একজন, তবে এসব ক্ষেত্রে দায়টা কোচের ঘাড়েই পড়ে। সিমিওনে নিজেও সেদিন শাস্তি মেনে নিয়ে বলেছিলেন, ‘রেফারি ঠিক কাজটাই করেছেন।’ এএফপি।
কিন্তু ভুল স্বীকার করে নিলেও শাস্তি কমেনি। তিন ম্যাচই নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন কোচ। অ্যাটলেটিকোর জন্য এটি বড় ধাক্কা, কারণ লিগে আর তিনটি ম্যাচই বাকি।