
‘আমরা বার্সেলোনা। শিরোপার দাবিদার! ৫, ৬ বা ৭—যত পয়েন্ট পেছনেই থাকি না কেন, আমরা হাল ছাড়তে পারি না।’
ম্যাচ শেষে এমন দৃপ্ত উচ্চারণ লুইস সুয়ারেজের। অনেক দিন বাদে পাওয়া জয়ের পর যেন রিয়াল মাদ্রিদকে একটা হুঁশিয়ারি দিলেন বার্সেলোনা স্ট্রাইকার!
অনেক দিন পরই তো! লিগে আগের তিনটি ম্যাচই ড্র করেছে বার্সেলোনা। সেই ধারাটা কাল কাটল ওসাসুনার মাঠে। গোলশূন্য প্রথমার্ধের পর সুয়ারেজের একটি ও লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল। এই জয়ে এক ম্যাচ বেশি খেলে লিগ শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা তিনে নামিয়ে এনেছে বার্সা (কাল রাতেই অবশ্য রিয়াল ঘরের মাঠে খেলেছে দেপোর্তিভোর বিপক্ষে)।
প্রথমার্ধের পর বার্সা কোচ লুইস এনরিকের মনে কে জানে হয়তো কুডাকই ডেকেছে। লিগে পাঁচটি হলুদ কার্ড দেখায় নেইমার ছিলেন না। মেসি ও সুয়ারেজের ওপর দায়িত্বটা তাই একটু বেশিই ছিল। কিন্তু প্রথম ৪৫ মিনিটে বার্সার ‘নাম্বার ৯’ ও ‘নাম্বার ১০’ গোল নষ্ট করার অবিশ্বাস্য মহড়া দিয়ে গেছেন! একের পর এক গোলের সহজ সুযোগ পেয়েও ‘অবলীলায়’ বল মেরেছেন পোস্টের বাইরে বা গোলকিপারের গায়ে।
দ্বিতীয়ার্ধে বেশ সুন্দরভাবেই ভুল সংশোধন করে নিয়েছেন দুজন। ৫০ মিনিটে ওসাসুনার সার্জিও লিওনের শট ফেরে বারে লেগে। ৯ মিনিট পরই বার্সা-সুলভ আক্রমণের পর জর্ডি আলবার পাসে সুয়ারেজের গোল! ৭৩ মিনিটে গোল-উৎসবে যোগ দেন মেসিও, এবারও উৎসমুখে আলবার ক্রস। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও বার্সার তৃতীয় গোলটি করেছেন দুর্দান্তভাবে, বক্সে দু-তিনজন ডিফেন্ডারের ফাঁক গলে নেওয়া শটে।
কাল ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোও যেন তিনের নামতা পড়ে নেমেছিল! অন্তত নিজেদের মাঠে খেলা দলগুলো। আর্সেনাল, বার্নলি, হাল সিটি, সোয়ানসি ও ওয়াটফোর্ড—৩টি করে গোল সবার। এর মাঝে হাল সিটির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসও দিয়েছে ৩ গোল। অন্যরা ঘরের মাঠে প্রত্যাশিত জয় পেয়েছে। স্টোক সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ে শীর্ষে উঠেছে আর্সেনাল।
এ মৌসুমে ফর্ম হারিয়ে বসা লেস্টার সিটিও ২০ মিনিটের মধ্যে ৩ গোল দিয়ে বসল ম্যানচেস্টার সিটিকে! তিনের নামতা ধরে রাখতেই কিনা পরে আরও সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লেস্টার। প্রথমার্ধটা শেষ হয়েছে ৩-০ ব্যবধানেই। মার্কা, সনি সিক্স।