তিন ম্যাচে গোল নেই, নেইমারকে 'ওষুধ' দিলেন এনরিকে

মৌসুমের শুরু থেকেই যেন নতুন করে চেনাচ্ছিলেন নিজেকে। গোল করেছেন, করিয়েছেন। মেসির চোটজনিত অনুপস্থিতি একাই ভুলিয়ে দিয়েছিলেন। কিন্তু গত তিন ম্যাচে সুরটা কোথাও যেন কেটে গেছে। একেবারে খারাপ খেলছেন না, তবে গোলের দেখাও পাচ্ছেন না ব্রাজিল ফরোয়ার্ড। মনে হচ্ছে খেলাটাও যেন পুরো উপভোগ করতে পারছেন না। তবে কী মাঠের বাইরের চলা এত ঘটনা প্রভাব ফেলছে নেইমারের খেলায়?
ব্রাজিল অধিনায়ককে ঘিরে এই শঙ্কাটা সব সময়ই ছিল। মাঠে অবিশ্বাস্য কীর্তি গড়ে চলেছেন বটে, তবে মাঠের বাইরেও তো মামলার ‘হামলা’য় জেরবার নেইমার। একই সঙ্গে বার্সার সঙ্গে তাঁর নতুন চুক্তির ব্যাপারটাও এখনো জট পাকানো অবস্থায় আছে। চাইলেও নেইমার পুরো মনোযোগ খেলায় ধরে রাখতে পারবেন কি? সকাল বেলা আদালতে হাজিরা দিতে হবে—এই ভাবনা নিয়ে মন খুলে মাঠে খেলাও তো কঠিন।
বার্সেলোনা কোচ লুইস এনরিকে কিন্তু এরই মধ্যে সহজ একটা দাওয়াই দিয়ে দিলেন। আজ রাতে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে নামবে বার্সেলোনা। তার আগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘বার্সার মতো বড় দলের খেলোয়াড় হতে হলে শক্ত মানসিকতার হতে হবে। মাঠ ও মাঠের বাইরের সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হবে, ফুটবল বিশ্বে যা কিছু ঘটে তার সবকিছুর জন্য।’
শুধু নেইমারই নন, অতীত-বর্তমানের সব বার্সেলোনা খেলোয়াড়কেই এই চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে, হচ্ছে বলে মনে করিয়ে দিলেন এনরিকে, ‘বড় ক্লাবে এমন চাপের সঙ্গে মানিয়ে নেওয়া অনেক সময় খেলোয়াড়দের জন্য কঠিন হয়ে পড়ে। তবে অনেক দিন ধরে খেলছে এমন খেলোয়াড়দের এর সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য থাকে। মাঝে মাঝে ব্যাপারটা বলে লাথি মারতে পারার চেয়েও গুরুত্বপূর্ণ!’
তবে যেটি নিয়ে এত কথা, সেই গোলখরা কিন্তু এই মৌসুমেই নেইমারের এই প্রথম নয়। এর আগে ডিসেম্বর-জানুয়ারিতেও টানা চার ম্যাচে গোল পাননি ‘বার্সা নাম্বার ১১’। আসলে নেইমার নিজের মান এত ওপরে নিয়ে গেছেন, তিন-চার ম্যাচে গোল না পেলেই ‘হায় হায়’ রব উঠে যায়। সংবাদমাধ্যম, সমর্থক—সবাই উঠে পড়ে লেগে যায় নেপথ্যের কারণ খুঁজতে। এবার তো সেটি একেবারে চোখের সামনেই।
ব্রাজিল ও স্পেনে করসংক্রান্ত ভিন্ন দুটি মামলা তো অনেক দিন ধরে নেইমারের গলায় কাঁটা হয়ে আছে। তাঁর পরিবারও জড়িয়ে পড়েছে মামলায়। এর মধ্যে যোগ হয়েছে নিয়মিত আদালতে হাজিরা। এই তো ভ্যালেন্সিয়ার সঙ্গে কোপার সেমিফাইনালের প্রথম লেগের আগের দিনই তো স্পেনের আদালতে হাজিরা দিয়ে এসেছেন ব্রাজিল অধিনায়ক। তার ওপর এই সেদিন তাঁর ২৪তম জন্মদিনে এক টিভি সাংবাদিকের সঙ্গে বাজে আচরণ করে খবরের শিরোনাম হয়েছেন নেইমারের বাবা। সবকিছু মিলিয়ে মাঠে মনোযোগ ধরে রাখাটা নেইমারের জন্য একটু কঠিনই হয়ে পড়ার কথা।
দেখা যাক, এনরিকের পরামর্শ কোনো উপকারে আসে কি না! সূত্র: ফোরফোরটু।