তিন লাল কার্ডের শ্বাসরুদ্ধকর ম্যাচে ফাইনালে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করলেও লাল কার্ডটাও দেখেছেন সুয়ারেজ। ছবি: রয়টার্স।
গোল করলেও লাল কার্ডটাও দেখেছেন সুয়ারেজ। ছবি: রয়টার্স।

একটা ফুটবল ম্যাচ থেকে এর বেশি আর কিছু পাওয়া কি সম্ভব? গোল, পাল্টা গোলে সমতা; তিন-তিনটা লাল কার্ড; দুই দলের একটি করে গোল বাতিল হওয়া; পেনাল্টি মিস; লিওনেল মেসির ফ্রি কিক ক্রসবারে লেগে ফেরা; শেষ মুহূর্তে নয়জনের দল নিয়ে খেলা বার্সেলোনার রক্ষণে ভয়ের শিহরণ খেলে যাওয়া—আর একটা গোল হলেই ম্যাচ আরও ৩০ মিনিটে!
না, শেষ পর্যন্ত কোপা ডেল রের সেমিফাইনালের ফিরতি লেগটা ১-১ ড্র হলো। তাতে দুই লেগ মিলে ৩-২ গোলে জিতে টানা চতুর্থ ফাইনালে পা রাখল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। বিদায় নিলেও দুই লেগ মিলিয়ে দুর্দান্ত ফুটবল খেলে হাততালিটা কিন্তু কুড়িয়ে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
৪২ মিনিটে বার্সার দুর্দান্ত পাল্টা আক্রমণে মেসির নেওয়া শট বাঁয়ে ঝাঁপিয়ে ফিরিয়েছিলেন গোলরক্ষক ময়া। কিন্তু ফিরতি শটে বল জালে জড়ান লুইস সুয়ারেজ। একেবারে স্রোতের বিপরীতে করা গোল। ম্যাচ শেষের সাত মিনিট আগে পেনাল্টি মিসের ভুল শুধরে নিয়ে ১-১ সমতা ফেরান কেভিন গেমেইরো।
এর কিছুক্ষণ পর সুয়ারেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বার্সা রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে। ম্যাচের শুরু থেকে দাপিয়ে বেড়ানো অ্যাটলেটিকো বার্সার গলায় তখন ফাঁস টেনে ধরেছে। একটা গোল হলেই অতিরিক্ত সময়ে যাবে খেলা। ক্লান্ত বিধ্বস্ত নয়জনের বার্সা যে চাপটা সামলাতে পারবে না, সেটা মোটামুটি নিশ্চিত। যোগ করা সময়ের ৫ মিনিটের প্রতিটা সেকেন্ড পার করাতে বার্সাকে যে কী চাপ নিতে হলো!
একসময় হলুদ কার্ড দেখলেন গোলরক্ষক সিলিসেন, ম্যাচের ২০ মিনিটের মধ্যে যিনি তিনটা দারুণ সেভ না করলে বার্সা ম্যাচ সেখানেই খুইয়ে বসত। এমনকি মেসি সচরাচর যা করেন না, ফাউলের শিকার হয়ে মাঠে শুয়ে পড়লেন যেন ব্যথায় মরে যাচ্ছেন। সময় নষ্ট করাটাই তখন ছিল জরুরি। মেসি এবার অন্যভাবে হলেও ত্রাতা হলেন!
বার্সার বেঁচে যাওয়ার পেছনে রেফারির ভূমিকাও আছে। বার্সা যে দুটি লাল কার্ড দেখেছে, এর কোনোটাই দ্বিতীয় হলুদ কার্ডের শাস্তি হয় না। কিন্তু বার্সার জন্য এও সত্যি, গ্রিজমানের একটি গোল ভুলভাবে বাতিল করা হয়েছে অফসাইডের সিদ্ধান্তে। সুয়ারেজেরও একটি গোল বাতিল হয়েছে, যদিও এই সিদ্ধান্তটা ঠিকই ছিল।
অ্যাটলেটিকো নিজেদেরও দোষী ভাবতে পারে। বার্সাকে ন্যু ক্যাম্পে এমনও কোণঠাসা খুব কম দলই করতে পেরেছে। নেইমার এ ম্যাচে ছিলেন না নিষেধাজ্ঞার কারণে। মাঝমাঠেও নেই ইনিয়েস্তা, বুসকেটস। রক্ষণে নেই মাচেরানো। বার্সা সেরা একাদশ পায়নি। আর শুরু থেকেই বার্সার অর্ধেকে উঠে গিয়ে খেলেছে অ্যাটলেটিকো। কিন্তু প্রথমার্ধে যে তিনটি পরিষ্কার গোলের সুযোগ তারা পেয়েছিল, এর একটি থেকেও ফল মেলেনি। আর পিকের ফাউলের সুবাদে পেয়ে যাওয়া পেনাল্টি কাজে লাগাতে না পারার দুঃখ কীভাবে ভুলবেন গেমেইরো। যদিও ৮০ মিনিটের এই ‘পাপ’ তিনি কিছুটা ভুলিয়েছেন তিন মিনিট পর গ্রিজমানের বাড়িয়ে দেওয়া বলে ট্যাপ-ইন করে।
বার্সা জিতলেও ফাইনালে তারা সুয়ারেজ ও সার্জি রবার্তোকে পাচ্ছে না লাল কার্ড দেখায়। বার্সা ক্যারিয়ারে এই প্রথম লাল কার্ড দেখলেন সুয়ারেজ। যদিও রিপ্লেতে দেখা গেছে, কোকের মুখে কনুই তিনি মারেননি। বার্সা অবশ্য দুটি লাল কার্ডের বিপক্ষেই আবেদন জানাবেন। কিন্তু ফাইনালে বার্সাকে সুয়ারেজকে ছাড়াই খেলার প্রস্তুতি নিয়ে রাখতে হবে অবশ্য ফাইনালটা এখনো ঢের বাকি। সেই মে মাসের শেষে। তাতে বার্সার সম্ভাব্য প্রতিপক্ষ সেল্টা ভিগো অথবা আলাভেস।