তিন সপ্তাহ নেই মেসি

খেলতে খেলতেই হঠাৎ ঠায় দাঁড়িয়ে পড়লেন মাঠে। অস্বস্তিতে চোখমুখ কুঁচকে ফেলেছেন, একটু পর মাটিতেই বসে গেলেন। শেষ পর্যন্ত ৫৯ মিনিটে মাঠ ছেড়ে উঠেই গেছেন লিওনেল মেসি। কিন্তু বড় দুঃসংবাদটা পরে পেয়েছেন, কুঁচকির চোটের জন্য আগামী তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড।
পরশু অ্যাটলেটিকোর সঙ্গে ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে বার্সা। তবে ম্যাচ শেষে এনরিকের বুকে ড্রয়ের হতাশার চেয়ে মেসির চোটই বড় হয়ে বিঁধেছে। ম্যাচ শেষেই বার্সেলোনা ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে, ডান পায়ের কুঁচকির পেশী ছিড়ে গেছে মেসির। সামনের তিন সপ্তাহে তাই মাঠে নামতে পারবেন না। লা লিগায় স্পোর্টিং গিজন ও সেল্টা ভিগোর সঙ্গে দুইটি অ্যাওয়ে ম্যাচ তো আছেই, খেলতে পারবেন না মনশেনগ্লাডবাখের সঙ্গে চ্যাম্পিয়নস লিগেও। আর্জেন্টিনার হয়ে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেও মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হয়তো মেসিকে আবার পেতে পারে বার্সেলোনা।
তবে এনরিকে আশাবাদী, মেসির অভাবটা পূরণ করতে পারবেন সতীর্থেরা, ‘লিওনেল মেসিকে হারিয়ে ফেলা শুধু আমাদেরই নয়, ফুটবলেরও ক্ষতি। এখন আমাদের অন্য সমাধান দেখতে হবে। ও থাকলে আমাদের শক্তি অনেক বেড়ে যায়, কিন্তু ওকে ছাড়াও আমরা শক্ত দল।’ এএফপি।