তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন নেইমার!

>
- ৬ মার্চ রাতে মুখোমুখি হবে পিএসজি-রিয়াল মাদ্রিদ।
- শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ ব্যবধানে জিতেছে রিয়াল।
- আশঙ্কা করা হচ্ছে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন নেইমার।
এখনো নিশ্চিত হওয়া যায়নি; তবে স্কাই স্পোর্টস দাবি করছে, গোড়ালির চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। সে শঙ্কা সত্যি হলে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নটা বড় এক ধাক্কা খাবে পিএসজির। আগামী সপ্তাহেই যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে পিএসজিকে।
গতবার চ্যাম্পিয়নস লিগে রূপকথার এক রাত দেখেছিল পিএসজি। নেইমার নামের এক ফুটবলারের কারণে সে গল্পে অবশ্য করুণ পরিণতি দেখেছিল দলটি। বার্সেলোনার মাঠে ৬-১ গোলে উড়ে গিয়েছিল প্যারিসের এ ক্লাব। এবার তেমনই এক রূপকথা লিখতে চাইছিল দলটি। তবে এবার নেইমার তাদের সঙ্গে থাকায় এ গল্পে জয়ী হওয়ার আশা দেখছিল তারা। রিয়ালের মাঠে ৩-১ গোলের হারের পরও তাই বেশ উচ্চকণ্ঠ দলটি। সে আশাটা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে কাল।
গতকাল লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের ৮০ মিনিটে গোড়ালিতে চোট পান নেইমার। চোট পাওয়ার মুহূর্তেই নেইমারকে কাঁদতে দেখা গিয়েছিল। প্রথমে তো ভয় পাচ্ছিলেন সবাই, পাই ভেঙে গেছে নেইমারের। সে ক্ষেত্রে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে যেতে হতো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। তবে স্কাই স্পোর্টস জানিয়েছে, পা মচকেছে নেইমারের। এতে সর্বোচ্চ তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এই ফরোয়ার্ড।
পিএসজির জন্য দুশ্চিন্তার বিষয়, রিয়ালের বিপক্ষে ম্যাচটা এর মাঝেই হয়ে যাবে। নেইমারবিহীন দল নিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের আটকাতে আরেকটি রূপকথা লিখতে হবে পিএসজিকে।