তিন সপ্তাহের জন্য বাইরে মেসি

ডিয়েগো গডিনকে গা থেকে ঝেড়ে ফেলে হঠাৎ করেই থেমে গেলেন। ফ্যাকাশে হয়ে আসা মুখে ব্যথার ছাপটা স্পষ্ট। তারপরও লিওনেল মেসি কিছুক্ষণ খেলা চালিয়ে যেতে চাইলেন। ওদিকে বার্সা কোচ লুইস এনরিকে বারবার ইশারা করলেন মাঠ ছেড়ে চলে আসতে। কিন্তু পরে মাঠেই বসে পড়তে হলো মেসিকে, আন্দ্রেস ইনিয়েস্তা এসে সান্ত্বনার আলিঙ্গন করলেন সতীর্থকে। ৫৯ মিনিটে শেষ পর্যন্ত উঠে গেছেন মেসি। কিন্তু বড় দুঃসংবাদটা পরে পেয়েছেন, কুঁচকির চোটের জন্য আগামী তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড।
কাল অ্যাটলেটিকোর সঙ্গে ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে বার্সা। তবে ম্যাচ শেষে এনরিকে ফলের চেয়েও বেশি কথা বলেছেন মেসিকে নিয়ে। এনরিকে স্বীকার করলেন, টানা খেলার ধকলটা কিছুটা প্রভাব ফেলেছে মেসির ওপর, ‘এ রকম সূচিতে আসলে ওর ঠিকঠাক বিশ্রাম হওয়া কঠিন।’ সামনের তিন সপ্তাহে শুধু বার্সার নয়, আর্জেন্টিনার হয়েও নামতে পারবেন না মেসি। লা লিগায় স্পোর্টিং গিজন ও সেল্টা ভিগোর সঙ্গে দুটি অ্যাওয়ে ম্যাচ তো আছেই, খেলতে পারবেন না মনশেনগ্লাডবাখের সঙ্গে চ্যাম্পিয়নস লিগেও। আর্জেন্টিনার হয়ে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেও মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মেসিকে আবার পেতে পারে বার্সেলোনা।
তবে এনরিকে আশাবাদী, মেসির অভাবটা পূরণ করতে পারবেন সতীর্থেরা, ‘লিওনেল মেসিকে হারিয়ে ফেলা শুধু আমাদেরই নয়, ফুটবলেরও ক্ষতি। এখন আমাদের অন্য সমাধান দেখতে হবে। ও থাকলে আমাদের শক্তি অনেক বেড়ে যায়, কিন্তু ওকে ছাড়াও আমরা শক্ত দল।’ গত মৌসুমেও লম্বা সময় খেলতে পারেননি মেসি, ওই সময় মেসি-সুয়ারেজ তাঁর অনুপস্থিতি অনেকটাই বুঝতে দেননি। এবারও এই দুজনের কাছ থেকে সে রকম কিছুই চাইবেন এনরিকে।