তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নই ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছরের অপেক্ষা ফুরাবে আর্জেন্টিনার? নাকি বিশ্বকাপের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়েও আরেকবার স্বপ্নভঙ্গ হবে মেসিদের? দেশের মাটির বিশ্বকাপের দুঃস্বপ্ন তাড়িয়ে ব্রাজিল পারবে ঘুরে দাঁড়াতে? শিরোপা ধরে রাখতে পারবে সুয়ারেজহীন উরুগুয়ে, নাকি চিলি কিংবা কলম্বিয়ার মতো কালো ঘোড়ারা করবে বাজিমাত?
এমন অনেক প্রশ্ন নিয়ে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে চিলির সান্তিয়াগো স্টেডিয়ামে শুরু হচ্ছে লাতিন আমেরিকান ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। সব প্রশ্নের জবাব দেবে ৪ জুলাই একই স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল।
আর্জেন্টিনাই যে সবচেয়ে ফেবারিট এতে বোধ হয় খুব বেশি দ্বিমত নেই। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, কার্লোস তেভেজ আর এজেকিয়েল লাভেজ্জি সমন্বিত আর্জেন্টাইন আক্রমণভাগ যেকোনো কোচের কাছে স্বপ্ন। এ মৌসুমে ৫৭ ম্যাচে ৫৮ গোল করে বার্সেলোনার ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছেন মেসি। আগুয়েরো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (২৬ গোল), তেভেজ সিরি ‘আ’র দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (২০ গোল)। গত বিশ্বকাপের পারফরম্যান্স আর্জেন্টিনার রক্ষণদুশ্চিন্তাও অনেকটা কমিয়ে দেয়। অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের পাস্তোরে আর এভার বানেগারা মাঝমাঠে জ্বলে উঠতে পারলে আর্জেন্টিনাকে রোখা কঠিন। জেরার্ডো মার্টিনোর অধীনে বিশ্বকাপের পর ৭ ম্যাচ খেলে আর্জেন্টিনা জয় পেয়েছে ৫টিতে, হার দুটি।
বিশ্বকাপ-পরবর্তী পরিসংখ্যান অবশ্য ব্রাজিলকেই এগিয়ে রাখে। দ্বিতীয় মেয়াদে কার্লোস দুঙ্গার অধীনে ৯টি ম্যাচেই জিতেছে ব্রাজিল। অধিনায়ক নেইমার আছেন দুর্দান্ত ফর্মে। ডেভিড লুইজ, ফেলিপে লুইস আর থিয়াগো সিলভাদের নিয়ে গড়া রক্ষণ সর্বশেষ ৯ ম্যাচে গোল খেয়েছে মাত্র ২টি! মাঝমাঠে চোটের কারণে ছিটকে যাওয়া অস্কারের অভাবটা ভোগাতে পারে ব্রাজিলকে। তবে কুটিনহো ও উইলিয়ানরা তো আছেন। তারদেল্লি আর রবিনহোরা নেইমারকে যোগ্য সংগত করতে পারলে ৯ম বারের মতো কোপা জিততেই পারে ব্রাজিল।
বিশ্বকাপে জর্জো কিয়েলিনিকে কামড়ে পাওয়া ৯ ম্যাচ নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না উরুগুয়ের আক্রমণের প্রধান অস্ত্র লুইস সুয়ারেজ। গতবারের ফাইনালে জোড়া গোল করা ডিয়েগো ফোরলানও এবার নেই। এডিনসন কাভানির দায়িত্ব তাই অনেক। তবে অস্কার তাবারেজের এই দলটা অনেক দিন ধরেই একসঙ্গে খেলছে। এই বোঝাপড়াই পুষিয়ে দিতে পারে অনেক ঘাটতি। বিশ্বকাপের পর ৮ ম্যাচ খেলে একটিও হারেনি উরুগুয়ে, ৬ জয়ের পাশাপাশি ড্র দুটি ম্যাচে।
তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের বাইরে চিলি কিংবা কলম্বিয়াকেও হিসাবে রাখতে হবে। চোখ রাখুন কলম্বিয়ার বিশ্বকাপ তারকা হামেস রদ্রিগেজ, হুয়ান কুয়াদ্রাদো কিংবা চিলির অ্যালেক্সিস সানচেজ ও আর্তুরো ভিদালদের ওপর। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।