তিনটি গোলই তাঁদের, তবে মেসি-সুয়ারেজরা এত মিসও করেন!

ম্যাচের ফলটা প্রথমে বলে দেওয়া যাক, ওসাসুনার মাঠে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। গোলশূন্য প্রথমার্ধের পর গোল লুইস সুয়ারেজকে দিয়ে শুরু, অন্য গোল দুটি লিওনেল মেসির।
তবে ম্যাচের গল্পটা অনেক ভিন্ন। আরও পাঁচ-ছয়টি গোলও পেতে পারত বার্সেলোনা। পায়নি কেন? পড়ে একটু অচেনা ঠেকতে পারে বাক্যটা, মেসি আর সুয়ারেজই এর জন্য দায়ী! আজ কিছু একটা যেন হয়েছে দুজনের, একের পর এক গোলের সহজ সুযোগ পেয়েও ‘অবলীলায়’ বল মেরে দিয়েছেন গোলপোস্টের বাইরে। কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে প্রথমার্ধের পর দুই দলের ড্রেসিংরুমে ঘুরে আসা যাক। কী বলতে পারেন দুই কোচ? ওসাসুনার কোচ হোয়াকুইন ক্যাপেরোস খেলোয়াড়দের হয়তো এটিই বলেছেন, ‘নিজেদের ভাগ্যকে একটা ধন্যবাদ দাও, অল্পের জন্য বেঁচে গেছ। মেসি আর সুয়ারেজের মতো এমন খেলোয়াড়েরা চার-পাঁচটি গোল মিস করেছেন এই ৪৫ মিনিটে, এ কি আর প্রতিদিন হয়!’ ওদিকে বার্সেলোনা ড্রেসিংরুমে কোচ লুইস এনরিকের কণ্ঠে অসহায়ত্বই ফুটে ওঠার কথা, ‘মেসি আর সুয়ারেজ, কী করে এমন মিস করলে তোমরা!’
তা কী করেছেন মেসি আর সুয়ারেজ? এমনিতেই মৌসুমে পাঁচ হলুদ কার্ডের কারণে পাওয়া নিষেধাজ্ঞায় নেইমার নেই। একটু বাড়তি দায়িত্বই আজ ছিল এই দুজনের ওপর। তাতে প্রথমার্ধে বার্সার ‘৯’ ও ‘১০’ দুজনই করেছেন হতাশ। সুয়ারেজকে দিয়ে শুরু। ১২ মিনিটের মধ্যেই দুটি সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ উরুগুইয়ান স্ট্রাইকার—প্রথমে মেসির পাস থেকে সহজ সুযোগ মারলেন বাইরে, এরপর তাঁর শট লাগল পোস্টে। এরপর যেন মেসির পালা, ১৬ ও ২৬ মিনিটে দুবার গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
তবে দ্বিতীয়ার্ধে বেশ সুন্দরভাবেই ভুল সংশোধন করে নিলেন দুজনে। ৫০ মিনিটে অবশ্য ওসাসুনার সার্জিও লিওনের শট ফেরে বার্সার বারে লেগে। সেটিই কাল হলো। ৯ মিনিট পরই সুয়ারেজের গোল! বার্সা-সুলভ আক্রমণের পর আলবার ক্রসটি অবশ্য দু-তিন গজ দূর থেকে সুয়ারেজ মিস করলে সেটি অবশ্য অষ্টম আশ্চর্যই হতো।
প্রথমার্ধে গোল মিসে সুয়ারেজকে সঙ্গ দিয়েছেন, দ্বিতীয়ার্ধে ‘বন্ধু’কে মেসি সঙ্গ দিলেন গোলের উৎসবে। ৭৩ মিনিটে বার্সাকে এনে দিলেন ম্যাচের দ্বিতীয় গোল। এটিও আলবার ক্রস থেকেই। তবে বক্সের ছয় গজের মধ্য থেকে ট্যাপ-ইনে যেন মন ভরেনি বার্সা ফরোয়ার্ডের। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও বার্সার তৃতীয় গোলটি করেছেন দুর্দান্তভাবে। বক্সে যখন বল পেলেন, দু-তিন জন ডিফেন্ডার ছিল তাঁকে ঘিরে। পায়ের কাজে তাঁদের হতবিহ্বল করে, সেখান থেকে শট নেন মেসি...গোল!
এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে মেসি। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ অবশ্য এক ম্যাচ কম খেলেই তিন পয়েন্ট এগিয়ে। আজ রাতে ঘরের মাঠে দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গে খেলবে জিদানের দল। সূত্র : সনি ম্যাক্স।