তিনবারের চেষ্টাতেও যে তারকাকে পায়নি বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যালেন্সিয়া থেকে চেলসি ঘুরে এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন মাতা। ছবি : এএফপি
ভ্যালেন্সিয়া থেকে চেলসি ঘুরে এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন মাতা। ছবি : এএফপি
>এক সময় স্পেনের অধিকাংশ ভালো খেলোয়াড়ই হয় বার্সেলোনা নয় রিয়াল মাদ্রিদে খেলতেন। কয়েকজন ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম

২০০৮ থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত এই সময়টাকে স্পেনের সোনালি সময় বলা হয়। এই সময়ে দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জিতেছিল তারা টানা। সে সময়ে স্পেন দলে খেলা অধিকাংশ তারকাই স্পেনের সবচেয়ে বড় দুই ক্লাব রিয়াল মাদ্রিদ, না হয় বার্সেলোনার হয়ে খেলতেন।

বার্সেলোনার হয়ে মাঠ মাতাতেন জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, কার্লেস পুয়োল, জেরার্ড পিকে, পেদ্রো রদ্রিগেজ, ডেভিড ভিয়া, সার্জিও বুসকেটস, বোয়ান কিরকিচ, জর্ডি আলবা, ভিক্টর ভালদেস ও সেস ফ্যাব্রিগাস। ওদিকে রিয়াল মাদ্রিদের হয়ে আলো ছড়াতেন ইকার ক্যাসিয়াস, জাবি আলোনসো, সার্জিও রামোস, আলভারো আরবেলোয়া, রাউল আলবিওল।

এই দুই দল ছাড়া অন্য ক্লাবে খেলা খেলোয়াড়ের সংখ্যা ছিল হাতেগোনা। যেমন ডেভিড সিলভা, হুয়ান মাতা, হুয়ান ক্যাপডেভিয়া, পেপে রেইনা, ফার্নান্দো তোরেস প্রমুখ। তবে অন্য ক্লাবে খেলা এসব তারকাদের যে দলে ভেড়ানোর জন্য রিয়াল বা বার্সা চেষ্টা করেনি, তা কিন্তু মোটেও বলা যাবে না। সে কথাটাই যেন আরেকবার প্রমাণ করলেন মিডফিল্ডার হুয়ান মাতার বাবা ও মুখপাত্র, হুয়ান ম্যানুয়েল মাতা রদ্রিগেজ।

মাতা সবার নজরে আসেন ভ্যালেন্সিয়ার হয়ে খেলার সময় থেকে। সেখান থেকে রিয়াল মাদ্রিদ বা বার্সার আগ্রহ উপেক্ষা করে ইংলিশ ক্লাব চেলসিতে চলে আসেন তিনি, এখন খেলছেন আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।

তবে আগ্রহ বেশি ছিল বার্সেলোনারই। মাতার বাবার মতে, 'মাতা এমন একজন খেলোয়াড় যে কি না অনেকটা বার্সেলোনার স্টাইলে খেলতে পছন্দ করে। তাই স্বাভাবিকভাবেই তাঁর ওপর কাতালানদের একটা আগ্রহ ছিল। তা ছাড়া স্পেনে অন্যান্য সতীর্থদের সঙ্গেও সে ভালোই খেলত। তাই ওর ওপর বার্সেলোনার নজর পড়ে। ওরা মাতাকে তিন বার দলে নেওয়ার চেষ্টা করেছিল।'

কোন তিন সময়ে মাতাকে চেয়েছিল বার্সেলোনা? সেটাও জানিয়েছেন মাতার বাবা, 'প্রথমবার যখন ও ভ্যালেন্সিয়া ছেড়ে চেলসিতে গেল, তখন বার্সেলোনাও চেষ্টা করেছিল ওকে দলে নেওয়ার। যখন ও চেলসি ছাড়ল, তখনও মাতার প্রতি বার্সেলোনার আগ্রহ ছিল। শেষবার বার্সা আগ্রহ দেখায় কিছুদিন আগে।'

বার্সেলোনাকে বারবার ফিরিয়ে দেওয়ার যে কোনো আক্ষেপই মাতা বা তাঁর বাবার নেই, সেটা বোঝা গেছে এর পরের কথায়, 'মাতার ভাগ্য ভালো, ও সব সময় ভালো ক্লাবের হয়েই খেলেছে। বার্সার আগ্রহ ওর মনোযোগ নাড়িয়ে দেয়নি, কেননা ও আগে থেকেই সব গুরুত্বপূর্ণ ক্লাবগুলোতে খেলেছে।'