তিনি এক যাযাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবাস্টিয়ান আব্রু
সেবাস্টিয়ান আব্রু

ডাকনামটা ‘এল লোকো’। স্প্যানিশ ভাষায় যেটির অর্থ পাগল, আরেকটু ভদ্রস্থ ভাষায় বললে হয়তো ‘ছিটগ্রস্ত লোক’। সেবাস্টিয়ান আব্রু যে একটু-আধটু ও রকমই, সেটা একটা তথ্য থেকেই বোঝা যাবে। ২২ বছরের ক্যারিয়ারে ২৮ বার ক্লাব বদলেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার! এই ৪০ বছর বয়সেও কদিন আগে যোগ দিলেন নতুন ক্লাব ব্রাজিলের বাঙ্গু এফসিতে! তাতেই হয়ে গেছে সবচেয়ে বেশিবার দলবদলের নতুন রেকর্ড!
আব্রুকে তাই ফুটবলের ইবনে বতুতাও বলে ফেলা যায়। ২৮ বার দলবদল করে খেলেছেন ২৩টি ভিন্ন ক্লাবে, নয়টি ভিন্ন দেশে। ভূমধ্যসাগর, প্রশান্ত মহাসাগর থেকে ঘরের আটলান্টিক মহাসাগর, সবই দেখা হয়ে গেছে।
সেই ১৯৯৫ সালে ক্যারিয়ার শুরু নিজের শহরের ক্লাব ডিফানসরেতে। এরপর আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, মেক্সিকো, ইসরায়েল, গ্রিস, প্যারাগুয়ে ও এল সালভাদরেও খেলা হয়ে গেছে। প্রতিবারই যে নতুন ক্লাবে গেছেন তা নয়, কখনো কখনো পুরোনো ক্লাবেও ফেরত গেছেন।
তবে সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল বোধ হয় স্পেনের ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ায়। কাগজে-কলমে ১৯৯৮ থেকে ২০০৪—এই ছয় বছর ছিলেন দেপোর্তিভোর। কিন্তু সেখানে খেলতে পেরেছিলেন মাত্র ১৫টি ম্যাচ, এই সময়ে সাতবার তাঁকে ধারে পাঠানো হয়েছে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ব্রাজিলের ক্লাব বোটাফোগোয়, তাও মোট ম্যাচের সংখ্যা ৯৩টি। ক্যারিয়ারের সবচেয়ে বেশ ৫৫টি গোলও তাদের হয়ে। আর্জেন্টিনার রিভার প্লেট ও ইসরায়েলের বেইতার জেরুজালেমের হয়ে আবার কোনো স্মৃতি থাকার কথা নয়। এ দুই ক্লাবে নাম লিখিয়েও যে কোনো ম্যাচই খেলা হয়নি সেবাস্টিয়ান আব্রুর! মেইল অনলাইন।