তিনি যখন 'অর্ডিনারি ওয়ান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওয়া পাল্টেছে। একসময়ের প্রবল আত্মবিশ্বাসী, কঠিন সময়কেও বাঁকা হাসির ফুৎকারে উড়িয়ে দেওয়া হোসে মরিনহোকেও নতজানু হয়ে বলতে হচ্ছে, ‘সময়টা ভালো যাচ্ছে না!’
অতীত রেকর্ড সাক্ষী মানলে অবশ্য বলতে পারেন, এমনই তো হওয়ার কথা ছিল। মরিনহোর অধীনে সব দলেরই তৃতীয় বছরটা গোলমেলে হয়ে যায়। এ যেন ‘থ্রি ইয়ার ইচ’। এবার এই ধারা পাল্টানোর ইচ্ছে থাকলেও, মরিনহো বোধ হয় অনিবার্য নিয়তি হিসেবেই মেনে নিয়ে ছেড়ে দিচ্ছেন হাল। পরশু ডায়নামো কিয়েভের সঙ্গে গোলশূন্য ড্র হওয়ার পর মনে হলো, কী ভীষণ নিরাসক্ত তিনি। যেন দার্শনিক!
এই মৌসুমে সব মিলিয়ে ১৪টি ম্যাচে মাত্র ৫টিতে জিতেছে চেলসি। প্রিমিয়ার লিগে আছে ১২-তে। মৌসুম এখনো তিনের প্রথম ভাগে দাঁড়িয়ে। অথচ চেলসি লিগ ও চ্যাম্পিয়নস লিগে হারিয়ে বসে আছে ২১ পয়েন্ট! এই মৌসুমে চেলসির জয়ের হার ৩৫ শতাংশ। নিজেকে ‘স্পেশাল ওয়ান’ ঘোষণার পর এর আগে জয়ের হার কখনো ৬০ ভাগের নিচেই যায়নি।
ফুটবলে কোচদের রোলারকোস্টার যাত্রাটা নতুন নয়। কিন্তু মরিনহোকে কখনোই এতটা অসহায় কেউ দেখেনি। নিজেও বলছেন, ‘ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে। এর আগেও অনেক বড় বড় চ্যালেঞ্জ পার করেছি। তবে এটাই আমার সবচেয়ে খারাপ সময়। কখনো এতগুলো ম্যাচ হারিনি।’
চেলসির অবস্থা কতটা করুণ সেটি বোঝানোর জন্য কেবল একটি তথ্যই যথেষ্ট। চেলসির হয়ে এর আগের পাঁচ মৌসুমে স্টামফোর্ড ব্রিজে কেবল একটি ম্যাচ হেরেছিলেন মরিনহো। এবার নিজেদের মাঠে প্রথম পাঁচটি খেলার দুটিতেই হেরে বসে আছে চেলসি! সামনেও অপেক্ষা করছে কঠিন কিছু ম্যাচ।
এবারই অ্যাসিড টেস্ট হয়ে যাবে ‘স্পেশাল ওয়ানে’র ‘খাঁটিত্বে’র। দেখা যাক, সেই বিখ্যাত উপাধি ধরে রাখতে পারেন কি না। নাকি ইংলিশ ফুটবল থেকে এবার তাঁর প্রস্থান হয় ‘অর্ডিনারি ওয়ান’ হিসেবে! রয়টার্স, ইএসপিএন।