তিনি লেব্রন জেমস, উসাইন বোল্টও!

চার মৌসুম জুভেন্টাসে খেলেছেন। চারবারই সিরি ‘আ’ জিতেছে দল। সেই পল পগবা এই মৌসুমের শুরুতে ফুটবল ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
রেড ডেভিলরা তাঁকে পেয়ে উচ্ছ্বসিত। কিন্তু জুভেন্টাস কতটা অনুভব করছে পগবার অভাব? উত্তরটা পাওয়া যাবে পগবার একসময়ের সতীর্থ ও জুভেন্টাস ডিফেন্ডার জর্জো কিয়েলিনির কথাতেই। পগবাকে বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস ও এ গ্রহের দ্রুততম মানব উসাইন বোল্টের সঙ্গে তুলনা করেছেন কিয়েলিনি। পগবা চলে যাওয়ার পর জুভেন্টাস নাকি অন্য যেকোনো দলের মতোই হয়ে গেছে!
পগবার অভাবটা অবশ্য ভালোই টের পাচ্ছেন জুভ সমর্থকেরা। গতবার লিগে মাত্র পাঁচ ম্যাচ হেরেছিল জুভেন্টাস। এবার অর্ধেক পথ পেরোতেই হেরে বসেছে চার ম্যাচ। গত মৌসুমে তিন ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গিয়েছিল শিরোপা। এবার ১৯ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও রোমার সঙ্গে মাত্র ১ পয়েন্টের ব্যবধান জুভেন্টাসের। রোমা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে। জুভেন্টাসের আগের সেই দাপট নেই বলে আক্ষেপও করেছেন কিয়েলিনি, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় চলে গেছে। এখন আমরা অন্য যেকোনো দলের মতোই। পগবার মতো একজন খেলোয়াড়কে হারিয়েছি আমরা, আমাদের জন্য যে ছিল ফুটবলের লেব্রন জেমস। ও ছিল আমাদের উসাইন বোল্ট।’
লেব্রন বিখ্যাত তাঁর স্কোরিং সামর্থ্যের জন্য, আর বোল্টের গতির কথা তো পুরো বিশ্বেরই জানা। পগবার মাঝে যেন এ দুজনকে খুঁজে পেয়েছিল জুভেন্টাস। ইউনাইটেড কোচ হোসে মরিনহো তো এমনিতেই তাঁর জন্য এত টাকা খরচ করেননি। এমনিতেই ইউনাইটেডের মতো বড় ক্লাব, তার ওপর বিশাল অঙ্কের ট্রান্সফার ফি—পগবাকে নিয়ে সবার আগ্রহটাও তাই বেশি। সঙ্গে চাপও। এই চাপটা কি তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলছে কিছুটা?
এই প্রশ্নের উত্তরটা দিলেন পগবার বর্তমান সতীর্থ ইব্রাহিমোভিচ, ‘আপনি যদি শীর্ষ পর্যায়ে খেলতে চান, ২৪ ঘণ্টাই চাপ নিতে হবে। আর যদি ভালো খেলতে চান, তাহলে তো চাপ আরও বেশি। পল (পগবা) যেহেতু শীর্ষ পর্যায়ে খেলছে, চাপ থাকবেই। আমার মনে হয়, সে এটা পছন্দও করে। কারণ চাপ না থাকলে আমরা এই পর্যায়েই আসতে পারতাম না।’
সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার ইব্রার। লম্বা সময় নিজে কীভাবে সেই চাপটা সামলে যাচ্ছেন? এই প্রশ্নে এসে খুঁজে পাওয়া গেল চিরচেনা ইব্রাকে, ‘আমি নিজে নিজের ওপর যে চাপ তৈরি করি, সেই তুলনায় চারপাশের চাপ কিছুই না। আমি সবকিছু নিখুঁত করতে চাই, নিখুঁতের চেয়েও বেশি। অনুশীলনেও ম্যাচ না জিতলে আমার খারাপ লাগে, তাহলে বোঝেন আসল ম্যাচে কী অবস্থা হয়! এই চাপের তুলনায় বাইরের চাপ তো কিন্ডারগার্টেন স্কুলের মতো।’ রয়টার্স, ইএসপিএন।